প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৩:৫৯ পিএম
উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে চুরি ও হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল ও প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে ১০৬টি হারানো বা চুরি হওয়া মোবাইল এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ও ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”