গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৩:০৯ পিএম
টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
ইমন ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়।
একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।