× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেয়েটারে বাঁচান’

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রবিকুল ইসলামের চার মাস বয়সী মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রবিকুল ইসলামের চার মাস বয়সী মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘মেয়েটাকে বাঁচাতে চাই, কিন্তু চিকিৎসার টাকা কোথায় পাব জানি না।’- চার মাস বয়সী ব্রেন টিউমারে আক্রান্ত মেয়েকে নিয়ে এমনই অসহায় আকুতি মো. রবিকুল ইসলামের।

পেশায় অটোরিকশাচালক এই বাবা সন্তানের চিকিৎসার খরচ জোগাতে ইতোমধ্যে নিজের একমাত্র আয়ের অবলম্বন অটোরিকশাটিও বিক্রি করে দিয়েছেন। তবুও থামেনি চিকিৎসার ব্যয়। এখন শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন আরও প্রায় ৩ লাখ টাকা।

মো. রবিকুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা। বর্তমানে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

পরিবারের ছোট মেয়ে মাত্র চার মাস বয়সী। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিল শিশুটি। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর জানা যায়, তার মস্তিষ্কে টিউমার হয়েছে।

এরপর মেয়ের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন রবিকুল ও তার স্ত্রী লাখি আক্তার। সন্তানের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।

জমানো টাকা শেষ হওয়ার পর ধারদেনা ও বিভিন্নভাবে অর্থ জোগাড় করে চিকিৎসা চালিয়ে আসছিলেন তারা। শেষ পর্যন্ত মেয়ের চিকিৎসার খরচ মেটাতে নিজের অটোরিকশাটিও বিক্রি করে দেন রবিকুল।

রবিকুল ইসলাম বলেন, “মেয়ের চার মাস বয়স। আমার মেয়েটার ব্রেন টিউমার। অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক মেডিক্যালে গেছি। যা পুঁজি-টাকা আছিল, সব শেষ কইরা এখন চিকিৎসা মিলছে। কিন্তু এখন টাকা পাচ্ছি না। অটোগাড়ি চালাইতাম, মেয়ের চিকিৎসার জন্য গাড়িটাও বিক্রি করে দিছি। এখন চিকিৎসা মিলে, কিন্তু টাকা নাই।”

তিনি জানান, অটোরিকশা বিক্রি করে দেওয়ার পর এখন আর নিয়মিত কোনও আয় নেই। যে কাজ পান, সেটিই করে সংসার চালানোর চেষ্টা করছেন। পাশাপাশি মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েছেন। কিন্তু এখনও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি। চিকিৎসকেরা দ্রুত শিশুটির অপারেশনের পরামর্শ দিয়েছেন। এজন্য আরও প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।

শিশুটির মা লাখি আক্তারের চোখে-মুখেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। তিনি জানান, একজন মা হিসেবে সন্তানের কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

লাখি আক্তার জানান, মেয়ের চিকিৎসায় এরই মধ্যে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এখন চিকিৎসকেরা অপারেশনের কথা বলেছেন। কিন্তু পরিবারের হাতে কোনও অর্থ না থাকায় সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

শুধু মেয়ের অসুস্থতাই নয়, পরিবারটির ওপর রয়েছে আরও এক দুশ্চিন্তা। রবিকুল ইসলাম নিজেও গত তিন মাস ধরে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে চার মাসের শিশুর ব্যয়বহুল চিকিৎসা- সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। তাদের সংসারে মোট তিনটি মেয়ে; অসুস্থ শিশুটিই সবার ছোট।

রবিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে আমার আবেদন, আমার মেয়েটা যেন সুস্থ থাকে। অনেক জায়গায় গেছি, কিন্তু কোনও সহযোগিতা পাই নাই। যত মন্ত্রী-মিনিস্টার, যত নেতা আছেন, সবাই মিলে আমার মেয়েটারে বাঁচান।”

মেয়ের চিকিৎসার জন্য সহায়তার আশায় এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এই অটোরিকশাচালক বাবা। তার একটাই চাওয়া- অর্থের অভাবে যেন চার মাসের শিশুটির চিকিৎসা থেমে না যায়।

অসহায় এই পরিবারটি শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, মানবিক সংগঠন ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে। পরিবারের আশা, মানুষের সম্মিলিত সহায়তায় দ্রুত প্রয়োজনীয় অর্থ জোগাড় করে শিশুটির চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা