কুমিল্লা অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
প্রতীকী ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৌভাতের দাওয়াত দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আবুল বাশার (৫০) নামে একজনকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের রঘুরামপুর
গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের মেয়ের জামাই মো.
হৃদয় রানা।
নিহত আবুল বাশার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর
ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়ার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর
ছিলেন।
মামলার এজাহারে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে
উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকার আবুল বাশারের বাড়িতে এ
ঘটনা ঘটে। নিহত আবুল বাশারের বড় মেয়ে ফেরদৌসী আক্তার ওরফে ময়না আক্তার পাঁচ
মাসের অন্তঃসত্ত্বা।
সামাজিক রীতি অনুযায়ী নাশতা ও বৌভাতের দাওয়াত দিতে
মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সেখানে যান। এ সময় দাওয়াত দেওয়া ও নেওয়াকে কেন্দ্র
করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
বাদীর অভিযোগ, একপর্যায়ে আবুল বাশার তাদের নাশতা করে
যেতে জোরাজোরি করলে আব্দুল মতিন আবুল বাশারের গলাটিপে ধরেন এবং বুকে ঘুষি মারেন।
একপর্যায়ে বাশার মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর, স্থানীয়রা অভিযুক্ত
তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে হেফাজতে নেয়।
গণপিটুনিতে আহত আব্দুল মতিন ও রোজিনা বেগমকে প্রথমে
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার
জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথকভাবে রিমান্ড আবেদন করা হয়েছে।