× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাটে উঠেছে রান্নাবান্না

তারাচরন টিপু, চট্টগ্রাম

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

‘দুই দিন আগেও গ্যাসের চাপ কম ছিল, আজ আরও কম। শুধু ডাল-ভাত রান্না করতেই তিন ঘণ্টা লেগেছে। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে।’ বলছিলেন চট্টগ্রাম বন্দরনগরীর আন্দরকিল্লা এলাকার পূর্ণিমা। দিনের পর দিন গ্যাসের চাপ কমে আসায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে যাওয়া-আসা করছে বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ফলে সারা দেশের মতো চট্টগ্রামেও চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। 

ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে বিপাকে পড়েছে বেসরকারি ভবন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও। সংশ্লিষ্টদের ভাষ্য, এক ঘণ্টা জেনারেটর চালাতে কমপক্ষে ১০ থেকে ১৫ লিটার ডিজেল প্রয়োজন হয়। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে প্রতিদিন ৩৫ থেকে ৪০ লিটার পর্যন্ত জ্বালানি মজুদ রাখতে হচ্ছে। এতে ভবন মালিকদের অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে। আবার অল্প সময়ের জন্য বিদ্যুৎ ফিরে আসায় অনেক ভবন মালিক জেনারেটর চালু করতেও অনীহা দেখাচ্ছেন। ফলে লিফট, পানি সরবরাহ ও অন্যান্য সেবাও ব্যাহত হচ্ছে।

সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে স্বাভাবিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকলেও পুরো মাসের বিল পরিশোধ কেন করতে হবে। অনেকেই এই সংকটের প্রকৃত কারণ তদন্তের দাবি জানিয়েছেন।

গ্যাস সংকটের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। নগরের বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসা ও শিল্প-কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 

সিএনজিচালিত অটোরিকশা চালক আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সারাদিন বসে থেকেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি গ্যাস নিতে পারছি না। এই গ্যাস নিয়ে কীভাবে গাড়ি চালাব, মালিককে জমা দেব আর পরিবারের খরচ চালাব, সেটাই এখন বড় চিন্তা।’

টেরিবাজারের বাসিন্দা রাশেদ বলেন, ‘এমনিতেই ঘরে বিদ্যুৎ থাকছে না, তার মধ্যে গ্যাসের নতুন সমস্যা। কয়েক দিন ধরে হোটেলের খাবার খেয়ে চলতে হচ্ছে।’ 

হালিশহরের গৃহিণী আমেনা বেগম বলেন, ঠিকমতো রান্না করতে পারছি না। কয়েক দিন মাটির চুলায় রান্না করেছি। এখন আবার বিদ্যুৎও থাকছে না। চলে গেলে ঘণ্টাখানেক পর আসে।’

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ‘মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) দুটি বয়লারের মধ্যে একটি বুধবার রাত থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে প্রায় ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।’ তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি (মিলিয়ন ঘটফুট) গ্যাস সরবরাহ করছি। স্বাভাবিক সময়ে এই পরিমাণ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটি থাকে।’

কেজিডিসিএলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর গ্যাস সরবরাহ সর্বশেষ ১৯৪ মিলিয়ন ঘনফুট নেমে এসেছে। ফলে মাত্র তিন দিনের ব্যবধানে চট্টগ্রামে দৈনিক গ্যাস সরবরাহ ৩৬ মিলিয়ন ঘনফুট কমে যায়। গতকাল সকাল পর্যন্ত কিছুটা স্বস্তি মিললেও বেলা বাড়ার পর আবারও গ্যাসের চাপ কমে যায়।

এদিকে বিদ্যুৎ সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগ্রাবাদ প্রধান প্রকৌশলীর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ সার্কেল, চট্টমেট্রো) একেএম জসীম উদ্দিন জানিয়েছেন, ‘জ্বালানি সংকটের কারণে আগে যেখানে আমরা ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতাম, এখন পাচ্ছি ৯৫০ থেকে ১ হাজার মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা