মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২২:০৯ পিএম
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে দাহ্য পদার্থ নিক্ষেপের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শহরের কেশবমোড় এলাকায় সাহাপাড়ায় অবস্থিত বাড়িটিতে বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এটি পেট্রোল বোমার হামলা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের উপরের অংশ লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি দাহ্য বস্তু নিক্ষেপ করে। পরে সেটিকে পেট্রোল বোমা হামলা বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে”।
ঘটনার প্রকৃত কারণ, ব্যবহৃত বস্তু এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।