× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চার জেলায় অপ্রীতিকর ঘটনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:৪৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর শহরে আয়োজিত এক অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর শহরে আয়োজিত এক অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও সাংবাদিক পেটানোসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বুধবার শরীয়তপুর, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর ও ঝিনাইদহে এসব ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরে-

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর শহরে আয়োজিত এক অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে ‘কটূক্তি’ করায় প্রতিবাদ করা হয়েছে। বুধবার শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী জাকির হোসেন মিন্টু ও ইমরান আল নাজিরসহ বেশ কয়েকজনকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিচ্ছেন। এরপর তারা কক্ষের বাহিরে এলে টিপু জুলাই যোদ্ধা জাকির হোসেন আদরকে মারধর করেন। 

আহত জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ বিএনপির লোকজন হাঙ্গামা শুরু করেন। আমি একজন গেজেটেড জুলাই যোদ্ধা। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে টিপু বলেন, জুলাই অভ্যুত্থানের বড় অবদান বিএনপির, যেটা জামায়াতের আমিরও স্বীকৃতি দিয়েছেন। অভ্যুত্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির যত লোক নিহত ও আহত হয়েছেন, তা অন্য কোনো দলের হয়নি। কিন্তু ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা তারেক রহমান ও তার পরিবার নিয়ে অনুষ্ঠানে এসে কটূক্তিমূলক কথা বলায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা তাদের বের করে দিয়েছি।

কুড়িগ্রামে অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিককে মারধর

কুড়িগ্রামের উলিপুরে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে পেটায় তারা। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হামলার শিকার জুবাইর বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে যাই। ভেতরে ওসির বক্তব্য চলছিল। আমি অনুষ্ঠানের ভিডিও ও ছবি তুলছিলাম। হঠাৎ বিএনপিকর্মী শামীম আমাকে টেনে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। এরপর আচমকাই আমাকে পেটাতে থাকে অনেকে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, কী কারণে আমাকে পিটিয়েছে জানি না। হামলাকারীরা সবাই বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।

উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী বলেন, আমরা অডিটরিয়ামে ছিলাম। হঠাৎ গণ্ডগোলের কথা শুনে ওসিসহ বাইরে গিয়ে গণ্ডগোল থামাই। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

লক্ষ্মীপুরে দুপক্ষের মধ্যে হট্টগোল

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

ঝিনাইদহে জুলাই যোদ্ধাকে মারধর করতে গেলেন বিএনপি নেতাকর্মীরা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই যোদ্ধাদের মারধর করতে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সংক্ষিপ্ত আকারে সভা শেষ করা হয়। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত নেতাকর্মীরা জানায়, সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, অনুষ্ঠানে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার সময় মঞ্চের সামনে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বক্তব্যের প্রতিবাদ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা