× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থান দিবস

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত জুলাই শহীদ বেদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ২১:০৪ পিএম

হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। জেলা অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

মুন্সীগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের লিচুতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বুধবার সকাল ৯টায় প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সিভিল সার্জন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা কালেক্টরেট মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী : ফেনী শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক। ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন বলেন, আমরা আপনাদের কাছে এবং রাষ্ট্রের কাছে এ ধরনের সংবর্ধনা চাই না। সংবর্ধনা পাওয়ার জন্য আমাদের ছেলেরা রাস্তায় জীবন দেয়নি; একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্যই তারা আওয়ামী লীগ ও পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

এদিকে তরুণদের সংগঠন ‘বিজয় মঞ্চ’-এর উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিজয়ের দৌড় উদ্বোধন করেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের গর্বিত বাবা নেছার আহমেদ। অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

শহরের মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে বিজয়ের দৌড়টি শুরু হয়। দৌড়বিদরা ট্রাঙ্ক রোড ও ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ হয়ে ইউ-টার্ন নিয়ে পুনরায় মহিপাল ফ্লাইওভারের নিচে এসে দৌড় শেষ করেন।

আয়োজকরা জানান, অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনসহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

কুমিল্লা : কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসটি পালন করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু,জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে টাউন হল থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সেই চেতনা ধারণ করার আহ্বান জানান।

নওগাঁ : এদিন সকালে শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।

এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন করার মধ্য দিয়ে আধুনিক ও বৈষম্যহীন একটি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে ১১ দলের উদ্যোগে জুলাই খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করা হয়।

সাতক্ষীরা : বুধবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।

গোপালগঞ্জ : সকালে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিভিন্ন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

রাঙামাটি : সকালে রাঙামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরে এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক, রাঙামাটি আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী জ দীপেন দেওয়ান এমপি।

অনুষ্ঠান শেষে আলাদাভাবে গেজেটেড জুলাই যোদ্ধাহতদের সঙ্গে এক মতবিনিময়ে মিলিত হন।

এদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম।

মাগুরা : জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরায় নবগঙ্গা নদীর তীরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানÑ মাগুরার জেলা প্রশাসক মোতাক্কাবির আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর : শরীয়তপুরে দিবসের কর্মসূচির মধ্যে ছিল, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।

সকালে শরীয়তপুর পৌরসভা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে সদর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় গণ্যমান্য ব্যক্তিরা।

টাঙ্গাইল : জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ১১ দলীয় ঐক্য জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিবাদের দোসরদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। পরে শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে এসে শেষ হয়। মিছিলে ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন।

পিরোজপুর : পিরোজপুরে সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা প্রশাসন, পিরোজপুর প্রেস ক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াত, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। তিনি বুধবার জেলা শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যরা বক্তব্য রাখেন।

পাবনা : পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাইয়ের ৩৬ দিনের যে লড়াইÑ সেই লড়াইয়ের পটভূমি তৈরি করেছিল গত ১৮টি বছর। ১০ হাজারের বেশি মানুষ এখানে আত্মাহুতি দিয়েছে। এত বড় ত্যাগ আমরা কখনোই বৃথা যেতে দিতে পারি না এবং বৃথা যাবেও না। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।

দিনাজপুর : দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

হবিগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো দল বা ব্যক্তির নয়, এটা সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব। আমরা একবারও বলিনি তারেক রহমানই জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড, কিংবা জুলাই আন্দোলনের সব কৃতিত্ব বিএনপির। জুলাই যোদ্ধাদের সঙ্গে যে সংগঠনটি ছায়ার মতো ছিল, সেটি হচ্ছে বিএনপি। এটাই প্রকৃত ইতিহাস।

বুধবার হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জিকে গউছ। 

এর আগে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলা পরিষদ প্রশাসক আহমদ আলী, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জুলাই যোদ্ধা ইশতিয়াক আহমেদ ইশতি ও জিএম তৌহিদুজ্জামান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

চুয়াডাঙ্গা : বুধবার সকালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবি, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব, পৌরসভা, সরকারি কলেজ, জুলাই যোদ্ধারা, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, পৌর প্রশাসক রুমানা আক্তার, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা