× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদেরকে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:১১ পিএম

সিলেট নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা তরুণদের সামাজিক শক্তিকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। কোনো স্বার্থান্বেষী মহল যাতে এ শক্তিকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তরুণদের দেশপ্রেম, উদ্ভাবনী শক্তি ও অংশগ্রহণই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জবাবদিহিতামূলক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী বলেন, কর্মসংস্থান ও শিল্পায়নকে অগ্রাধিকার দিয়ে সিলেটে প্রায় ১৮৭ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী এবং একটি এআই লার্নিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ সহজ করে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশের জ্বালানি সংকট থেকে উত্তরণে কিছুটা সময় লাগবে বলে জানিয়ে এ সময়টিকে একটি ‘ট্রানজিশন টাইম’ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম. এ. মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে মহানগর বিএনপিও পৃথক কর্মসূচি পালন করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা