প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:১৫ পিএম
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য আবু তালেব, ইউএনও রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন হস্তক্ষেপ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান সমালোচনা করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় এক জুলাইযোদ্ধাকে মারধর করতে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজিত দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জুলাইযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত নেতাকর্মীদের ভাষ্য, বক্তব্য দেওয়ার সময় গেজেটভুক্ত জুলাইযোদ্ধা হুসাইন আহমেদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকার সাংবিধানিক অজুহাত দিচ্ছে এবং গণভোটকে অবৈধ বলছে। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ”।
তার এই বক্তব্যের পর উপস্থিত বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী প্রতিবাদ জানান। একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে হুসাইন আহমেদসহ কয়েকজনের দিকে মারধর করতে এগিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, জুয়েল রানা ও সোহেল আহমেদের নাম উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য আবু তালেব, ইউএনও রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন হস্তক্ষেপ করেন। পরে হুসাইন আহমেদের বক্তব্য বন্ধ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দ্রুত অনুষ্ঠান শেষ করা হয়।
জুলাইযোদ্ধা হুসাইন আহমেদ অভিযোগ করে বলেন, “আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, বিএনপির কিছু লোকজন তখন বিরোধিতা করছিল। সে সময় সাংবাদিক পরিচয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররাও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে আমার বক্তব্য থামিয়ে দেয়। জুলাই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা, সেই সব কথিত ফ্যাসিস্টের দোসর এক কথিত সাংবাদিক আজ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে”।
তবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “অডিটোরিয়ামে তেমন কোনো ঘটনা ঘটেনি। একজন বক্তা সরকারবিরোধী বক্তব্য দিলে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তার প্রতিবাদ জানান”।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “নিবন্ধিত জুলাইযোদ্ধা হুসাইন আহমেদের বক্তব্যের সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী বিরোধিতা করেন। একপর্যায়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে পুলিশসহ আমাদের সবার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়”।