ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:২৩ পিএম
এক প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুলের একটি অংশ হারিয়েছে এক চোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এক প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের একটি অংশ হারাল এক চোর। ঘটনাস্থল থেকে চোরের বিচ্ছিন্ন আঙুলের অংশ উদ্ধার করেছে পুলিশ।
ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি এলাকায় বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে চোর ঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে গৃহবধূ ঝুমুর বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চোরকে দেখে চিৎকার শুরু করলে চোর তার মুখ চেপে ধরে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে চোরের একটি আঙুল গৃহবধূর মুখে চলে গেলে তিনি শক্ত করে কামড়ে ধরেন। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত চোর প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা রাতের টহল জোরদার ও চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন,রঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।