নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:২৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম
নারায়ণগঞ্জের চাষাড়ার মোডে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ শহরে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের চাষাড়ায় সরকারি তোলারাম কলেজে ৫ আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার সরকারে পতন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। একই সঙ্গে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ছাত্রশিবির। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে আলোচনা সভায় বক্তব্য দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়।
ক্রমশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চাষাড়া গোল চত্বরে একে অপরের ওপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে কমপক্ষে দুপক্ষের সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।
দেড় ঘণ্টা পর পুলিশ দুপক্ষকে চাষাঢ়ার কলেজ রোডে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।