চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:২৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৩৪ পিএম
চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক বিল্লাল হোসেনের (২৪) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে কুমিল্লার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়। ২৪ জুলাই বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এই
হামলার ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন একই গ্রামের আব্দুল হামিদের একমাত্র
ছেলে। বিল্লাল পেশায় মিশুকচালক ও ছোট্টো দুটি ছেলে সন্তানের জনক।
বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৪ জুলাই হামলার ঘটনায় বিল্লালের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৪ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে
বিল্লালের চাচা জহির জানায়, চলাচলের
রাস্তায় উল্লিখিত দিনে প্রতিবেশী জয়নাল আবেদীন ও ছেলেরাসহ বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা
সৃষ্টি করে। খবর পেয়ে বাড়ির লোকজন চলাচলের রাস্তার বেড়া সরাতে এলে প্রতিপক্ষের সঙ্গে
সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেলের দায়ের কোপে মাথায়
গুরুতর আহত হয় ভাতিজা বিল্লাল হোসেন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
সাত দিন পর গত রাতে তার মৃত্যু হয়।
নিহত বিল্লালের পিতা আব্দুল হামিদ বলেন,
চলাচলের রাস্তার বেড়া সরাতে গিয়ে আমার ছেলের মাথায় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেলের
দায়ের কোপ লাগে। এতে আমার ছেলে মারা য়ায়। আমি খুনিদের বিচার চাই।
মোজাম্মেলের চাচা আবদুল হান্নান বলেন, ঝগড়ার সময় আমার ভাতিজার হাতে কোনো অস্ত্র ছিল না। আব্দুল হামিদ গং’কে চলাচলের জন্য আমার বড় ভাই তার বাড়ির সামনের দিক দিয়ে একটি রাস্তা দেয়। সমাজের বিচারকদের সিদ্ধান্তে বাড়ির পেছনের রাস্তাটি বন্ধ করে দিতে গেলে ঝগড়ার সৃষ্টি হয়।