মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৪:২৮ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৪:৩৬ পিএম
খুলনার শের-ই-বাংলা রোডে বর্তমানে শেখ বাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যে বাড়ির সামনে একসময় সারি সারি দামি গাড়ি দাঁড়িয়ে থাকত, দিনভর ভিড় লেগে থাকত নেতা-কর্মী, ব্যবসায়ী, ঠিকাদার ও প্রভাবশালী ব্যক্তিদের; সেই বাড়ির আঙিনায় এখন রাখা হয় পিকআপ-প্রাইভেটকার।
এক কোণে বসেছে চায়ের দোকান। দেয়ালজুড়ে আগাছা, ভবনের ভাঙা অংশে জন্মেছে লতাপাতা। সন্ধ্যা নামলে সেখানে মাদকসেবীদের আনাগোনা শুরু হয় বলেও অভিযোগ স্থানীয়দের। খুলনার শের-ই-বাংলা রোডের আলোচিত শেখ বাড়ির এখন এমনই দশা।
২০২৪ সালের ৪ ও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় কয়েক দফা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতবিক্ষত হয় বাড়িটি। পরে গত বছরের ৫ ফেব্রুয়ারি আবারও হামলা চালিয়ে বুলডোজার দিয়ে ভবনের বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। একসময়কার আলিশান বাড়িটি এখন ধ্বংসস্তূপ।
শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই। শেখ হাসিনার চাচা, শেখ হেলাল উদ্দীনের পিতা ও শেখ তন্ময়ের দাদা প্রয়াত শেখ আবু নাসেরের এই বাসভবন স্থানীয়দের কাছে শেখ বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে খুলনার রাজনীতিতে বাড়িটির ছিল ব্যাপক প্রভাব। রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, সরকারি ঠিকাদারি, নিয়োগ-বদলিসহ নানা বিষয়ে প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা ছিল এখানে। জেলা-উপজেলার নেতা-কর্মী ছাড়াও ব্যবসায়ী, ঠিকাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে সকাল থেকে রাত পর্যন্ত সরগরম থাকত বাড়িটি।
একসময় বাড়িটির সামনে দাঁড়ানও অনেকের জন্য ছিল ভিন্ন রকমের এক অভিজ্ঞতা। এখন সেই জায়গায় অবাধে চলছে চায়ের দোকান ও গাড়ি রাখার কাজ।
২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় বাড়িটিতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করা হয়। স্থানীয়দের ভাষ্য, কয়েক দফায় হাতুড়ি ও শাবল দিয়ে ভবনের বিভিন্ন অংশ ভাঙা হয়। ভেতরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগও রয়েছে। এমনকি বস্তাভর্তি টাকা কিভাবে হাওয়া হয়ে গেল তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা রয়েছে।
বাড়িটির পাশে দীর্ঘদিন ধরে চায়ের দোকান করা শেখ মহসীন বলেন, ওই দিন প্রথম দফায় আগুন লাগলে তিনি বালতি দিয়ে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। পরে আবার আগুন দেওয়া হয়। একপর্যায়ে বাড়ির গেটে তালা দেওয়া হলে আর মধ্যে ঢোকা সম্ভব হয়নি।
তার ভাষ্য, সেদিন বাড়িটির আশপাশে বিপুলসংখ্যক মানুষ ছিল। তাদের উপস্থিতিতেই ভাঙচুর করা হয়।
পরবর্তী সময়ে গত বছরের ৫ ফেব্রুয়ারি ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় বিক্ষুব্ধরা বুলডোজার এনে বাড়িটির বড় অংশ গুঁড়িয়ে দেয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়িটির মূল ফটকের অস্তিত্ব নেই। ভবনের দেয়ালের বড় অংশ ভেঙে পড়েছে। ছাদের বিভিন্ন অংশ ধসে গেছে। পুরো আঙিনা ঢেকে গেছে বুনো ঘাস ও লতাপাতায়। কোথাও কাঠ শুকানো হচ্ছে, কোথাও রাখা হয়েছে ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এক পাশে বসেছে চায়ের দোকান।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় বাড়িটির মধ্যে সাপ, কুকুর, বিড়াল ও নানা ধরনের পোকামাকড়ের বিচরণ বেড়েছে। সন্ধ্যার পর সেখানে বখাটে ও মাদকসেবীরা আস্তানা গড়ে তোলে।
৫৯ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন শেখ মহসীন। বর্তমানে তিনি বাড়িটির এক কোণে চায়ের দোকান চালান। তার ভাষ্য, আগে এখানে মানুষের ভিড় লেগেই থাকত। এখন শেখ পরিবারের কাউকেই আর দেখা যায় না।
দোকান চালাতে ভয়ভীতি বা হুমকির মুখে পড়েছেন কিনা জানতে চাইলে মহসীন বলেন, কেউ তাকে ভয় দেখায় না। তার দোকানের আয়েই দুই সদস্যের সংসার চলে।
বাড়ির মধ্যে মাদকসেবীদের আড্ডা সম্পর্কে তিনি বলেন, তারা ভেতরে থাকে, মাদক সেবন করে চলে যায়।
স্থানীয়দের কেউ কেউ বলেন, রাতের অন্ধকারে এখনও অনেকে পরিত্যক্ত বাড়ির বিভিন্ন জিনিসপত্র যা অবশিষ্ট আছে তা নিয়ে নিয়ে যায়।
একসময় শেখ বাড়ির নাম ব্যবহার করে রাজনৈতিক ও ব্যবসায়িক ফায়দা ও সুবিধা নেওয়া ব্যক্তিদের এখন আর সেখানে দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা।
দেয়ালে এখনও রয়ে গেছে জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন স্লোগান ও লেখনি। ধ্বংসস্তূপের মধ্যে থাকা এসব লেখাই যেন বাড়িটির অতীত ও বর্তমানের মধ্যে একমাত্র দৃশ্যমান যোগসূত্র।
শুধু শেখ বাড়ি নয়, নগরীর লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেটে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ও এখন পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের পর কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেদিন ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে কার্যালয়ের মধ্যে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর ও আগুন দেওয়া হয়। নিচে থাকা মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।
দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর গত ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের একদল নেতা-কর্মী সেখানে গিয়ে তালা খুলে মধ্যে ঢোকেন। দ্বিতীয় তলায় জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেন তারা। কিছু সময় স্লোগানও দেন। পরে আবার তালা লাগিয়ে চলে যায়।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। পরে রেড জুলাই নামে একটি সংগঠনের সদস্যরা সেখানে গিয়ে টাঙানো ছবি ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলে।
একসময় খুলনার রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত শেখ বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয় এখন প্রায় ধ্বংসস্তূপ। একটি জায়গায় চায়ের দোকান ও গাড়ি রাখার স্থান, অন্যটিতে ভাঙা দেয়াল ও পোড়া আসবাবের চিহ্ন। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর স্থাপনা দুটি যেন খুলনার সাম্প্রতিক ইতিহাসের এক অস্থির অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।