জুলাই গণঅভ্যুত্থান দিবস
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৩:৫৬ পিএম
নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরায় নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
বুধবার সকালে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মাগুরার জেলা প্রশাসক মোতাক্কাবির আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জুলাই স্মৃতি স্তম্ভে আলোকসজ্জা।
আলোচনা সভায় জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।