সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১১:০১ এএম
আদালতের নির্দেশে সদরপুর থানা থেকে মালিকের কাছে ফিরছে হওয়া জব্দ হাতিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি নিয়ে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া ইজিবাইক দুর্ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় জব্দ হওয়া হাতিটি আদালতের নির্দেশে তার মালিকের কাছে ফিরছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর গত এক সপ্তাহ ধরে হাতিটি সদরপুর থানা হেফাজতে ছিল।
এক আদেশে মঙ্গলবার আদালত হাতিটির প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।
তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাতিটি থানার হেফাজতেই ছিল।
জানা গেছে, হাতিটির প্রকৃত মালিক নওগাঁ জেলার বাসিন্দা দুলাল দেওয়ান। তিনি প্রদর্শনীর উদ্দেশ্যে একটি সার্কাস দলের কাছে হাতিটি ভাড়ায় দিয়েছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা হাতি ও মাহুতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ উভয়কে নিজেদের হেফাজতে নেয়।
থানা সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে মালিকের পাঠানো মাহুত নাজমুল সরদার হাতিটির পরিচর্যার দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাবার দেওয়া, হাঁটানো এবং সার্বক্ষণিক দেখভালের কাজ করে আসছেন।
থানা প্রাঙ্গণে একটি পূর্ণবয়স্ক হাতির খাদ্যের ব্যবস্থা করতে গিয়ে পুলিশকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। প্রতিদিন কলাগাছ, ঘাসসহ বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করতে হয়েছে পুলিশ সদস্য ও মাহুতকে।
হাতির জন্য স্থায়ী খাদ্যসংরক্ষণের ব্যবস্থা না থাকায় পরিচর্যায় অতিরিক্ত চাপ তৈরি হয়।
এ সময় থানায় রাখা হাতিটিকে দেখতে প্রতিদিনই উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।
ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, আদালতের আদেশ হাতে পাওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২৮ জুলাই সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে ‘চাঁদা’ তোলার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে মারধর করে হাতিটিকে আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাহুতকে গ্রেপ্তার এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে যায়।
পরদিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা ও হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।