কর্মসূচিতে শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারীসহ ছয়জনকে প্রতীকী বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও প্রতীকী আদালতের আয়োজন করেছে জেলা ছাত্রদল।
কর্মসূচিতে শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারীসহ ছয়জনকে প্রতীকী বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও প্রতীকী আদালতের আয়োজন করে জেলা ছাত্রদল।
কর্মসূচিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ছয়জনকে প্রতীকী বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
প্রতীকী আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সরেজমিনে দেখা যায়, শহিদ মিনারের বেদিতে সাময়িকভাবে একটি প্রতীকী আদালত স্থাপন করা হয়। সেখানে বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাক্ষী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আসামির কাঠগড়ায় প্রতীকী অভিযুক্তদের উপস্থিতি দেখানো হয়।
রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের বর্ণনা ও বিভিন্ন আলামত উপস্থাপনের পর প্রতীকী বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। পরে প্রতীকীভাবে সেই রায় কার্যকর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা দ্রুত বিচার প্রত্যাশা করছেন। প্রতীকী বিচারের মতো বাস্তবেও দ্রুত বিচার সম্পন্ন হওয়া উচিত।
প্রয়োজনে আইনি সহায়তার মাধ্যমে মহিপালের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে জেলা বিএনপি উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
প্রধান আলোচক জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, মহিপালে নিজাম উদ্দিন হাজারী ও তার অনুসারীরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
একই সঙ্গে ফেনীর মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরে বিলম্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে শেখ ফরিদ বাহার বলেন, বাংলাদেশে প্রবেশের সবচেয়ে কাছের পথ পরশুরামের বিলোনিয়া সীমান্ত।
সেখানে তারা ‘ফুল নিয়ে অপেক্ষা করবেন’ এবং ‘যথোপযুক্ত মেহমানদারি করবেন’ বলেও মন্তব্যও করেন তিনি।
জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পরে আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।