পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। গতকাল মঙ্গলবার সকালে মাছটি মহিপুর মৎস্যবন্দরে নিয়ে এলে উৎসুক মানুষের ভিড় জমে। মাছটি খোলা বাজারের নিলামে ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।
জেলেদের সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্যবন্দরে আঁখি ফিশ ও তহুরা ফিশ প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয়ভাবে তবল মাছটি ট্রেভ্যালি মাছ নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। মাছটি সুস্বাদু, প্রোটিন সমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা রয়েছে। মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব একটা ধরা পড়ে না। তাই মাছটি বন্দরে আনার পর সেটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি সামুদ্রিক মাছ। এ প্রজাতির বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যও ইতিবাচক একটি দিক।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।