সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২৩:০৮ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই হোটেল মালিককে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির উদ্দিন হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং একই অপরাধে আল সামস্ হোটেলের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। পরে অভিযুক্ত দুই হোটেল মালিকরা নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন এবং পুলিশের একটি দল সহযোগিতা করে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।