সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২২:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ২২:১৯ পিএম
নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক দম্পতি এবং মদসহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরের নেতৃত্বে সৈয়দপুর থানার একটি দল উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শামীম (৩১) ও তার স্ত্রী মোছা. আদরি আক্তারের (২৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। একই রাতে শহরের কাজীপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে চার বোতল মদ ও ১৫টি মদের খালি বোতলসহ চিহ্নিত মাদক কারবারি আতাউর রহমান কালুকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে ইয়াবাসহ এক দম্পতি এবং মদসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।