হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২০:৩৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ২০:৫৭ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানিতে প্রভার পড়ছে কাঁচামরিচের বাজারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর মাত্র দুই দিনেই ১৬টি ট্রাকে প্রায় ১০৫ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে।
বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় দেশের বিভিন্ন পাইকারি
ও খুচরা বাজারে কাঁচামরিচের দামে ইতিবাচক প্রভাব পড়েছে।
একদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম ৫০ টাকা কমে যাওয়ায়
স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হিলি কাস্টমস সূত্রে জানা
গেছে, প্রথম দিনে ৪টি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি এবং দ্বিতীয় দিনে ১২টি ট্রাকে আরও ৭৫
টন ৫২০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।
দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে
সরকার প্রথম দফায় হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন
কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। সেই অনুমতির আওতায় পর্যায়ক্রমে চালানগুলো বন্দরে
পৌঁছাচ্ছে।
হিলির পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয়
কাঁচামরিচ আমদানি শুরুর পরই দামে প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার যেখানে কাঁচামরিচ
প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে মঙ্গলবার একই মরিচ বিক্রি হয়েছে ১৫০
টাকায়। ব্যবসায়ীদের ধারণা, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও
কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর ইসলাম বলেন,
দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা পূরণ এবং মূল্য স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম
শুরু হয়েছে। আগামী দিনগুলোতে আরও চালান আসবে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দাম
আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছি।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, আমদানিকৃত কাঁচামরিচ দ্রুত খালাস ও বাজারজাত নিশ্চিত করতে কাস্টমস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই পণ্য দ্রুত দেশের বিভিন্ন বাজারে পৌঁছাতে পারে।