বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২০:৩১ পিএম
ভারতে পালানোর সময় হুমায়ুন তালুকদার (৭২) নামের এক কৃষক লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারতে পালানোর সময় হুমায়ুন তালুকদার নামের এক কৃষক লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।
আটককৃত হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি।
ইমিগ্রেশন পুলিশ জানায়, হুমায়ুন তালুকদার ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেন। এ সময় সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।
হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে মির্জাপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, স্টপলিস্টে তার পাসপোর্ট থাকায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।