কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৮:৫৩ পিএম
সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে সোমবার রাতে রিপন মিয়াকে নিয়ে সালিশ হয়। ছবি: ভিডিও থেকে
নেত্রকোনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয়ভাবে এক সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে সোমবার রাতে এ সালিশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সালিশের পর থেকেই রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রিপন মিয়া নন্দুরা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ১৩ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী দীর্ঘদিন ধরে রিপন মিয়ার কনটেন্ট তৈরির কাজে সহযোগিতা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। পরে ওই কিশোরীর সঙ্গে রিপন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।
তাদের অভিযোগ, কয়েকদিন আগে ওই কিশোরীর সঙ্গে রিপনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন এলাকার কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় বাজারে সালিশের আয়োজন করা হয়।
সালিশে ভুক্তভোগী কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় রিপনকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তার বাড়ি কিশোরীর নামে লিখে দেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সালিশে উপস্থিত স্থানীয় বাসিন্দা মুখলেছুর রহমান দৌলত বলেন, “রিপন মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করেছে। পরে কিশোরীর ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে তার বাড়ি কিশোরীর নামে লিখে দেওয়ার কথাও বলা হয়েছে”।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, “সালিশে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গেও কথা বলা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
তবে যেমনটা প্রচার হয়েছে, এমন ঘটনায় সালিশে মীমাংসার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।