রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি না সরিয়েই সড়কে নির্মাণকাজ শেষ পর্যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক ও জনপথ বিভাগ এবং পল্লী বিদ্যুতের মধ্যে দুই বছর ধরে চিঠি চালাচালি করে খুঁটি না সরিয়েই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ শেষ পর্যায়।
এর ফলে, কাঞ্চন মায়ারবাড়ি-ডাঙ্গা লিংক রোড ও ডেমরা-কালীগঞ্জ সড়কে পিচঢালা পথের মাঝখানে বা পাশে বিপজ্জনকভাবে ৭২টি খুঁটি দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
সড়কের মাঝামাঝি ৩৩শ’ কেভি ও ১১শ’ কেভি
ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কে নির্মাণকাজ চলছে। এতে একদিকে যেমন নির্মাণকাজ
ব্যাহত হচ্ছে, অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলেও তৈরি হয়েছে চরম ঝুঁকি। প্রতিদিনই
রাতের অন্ধকারে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। পাশেই বাজার থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি
থেকেও রেহাই পাচ্ছে না এলাকার জনগণ। এ খুঁটিগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত
বৈদ্যুতিক তারের খুঁটি অপসারণ না করা হলে দুর্ঘটনা আরো বাড়বে বলে জানান স্থানীয়রা।
তবে, সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের
৩শ’ ফুট সড়ক, ঢাকা- সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ব্যবহারকারীদের সুবিধার্থে
মায়ারবাড়ি থেকে গাজীপুর ও নরসিংদী এলাকায় চলাচলের জন্য মায়ারবাড়ি-ডাঙ্গা লিংক সড়ক
নির্মাণকাজ হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ। ২৪ ফুট প্রশস্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের
দায়িত্ব পায় সাগর ইনফো বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই
৩৩শ’ কেভি ও ১১শ’ কেভি ভোল্টেজের ৭২টি বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণকাজ প্রায়
শেষের পথে। অথচ বৈদ্যুতিক খুঁটি সরানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও তা আমলে নেয়নি
কর্তৃপক্ষ। বর্তমানে রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও বৈদ্যুতিক খুঁটি অপসারণে
কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
গত ২০২৪ সালের ২৮ জুলাই নারায়ণগঞ্জ
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম স্বাক্ষরিত এক চিঠিতে কাঞ্চন-ডাঙ্গা লিংক
সড়কের জেড-২০৪৩ চেইনেজ এলাকার উভয় পাশে থাকা প্রায় ৭২টি বিদ্যমান বৈদ্যুতিক খুঁটি অপসারণের
জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল
ম্যানেজার বরাবর আবেদন করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ
বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, এটাতো সড়কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ
সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, নিয়ম রয়েছে সড়ক নির্মাণের
পূর্বেই জামানত জমা দিয়ে খুঁটিগুলো সরানো। সরকারি নিয়ম অনুযায়ী সড়ক ও জনপদ বিভাগ
অনুসরণ না করে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণ কাজ করছে। পল্লী বিদ্যুৎ তাদের বারবার
অবহিত করার পরেও তারা সাড়া না দিয়ে সড়কের কাজ করে ফেলছে। যেহেতু বৈদ্যুতিক খুঁটি
সরানোর বরাদ্দ অনুমোদন হয়েছে সেহেতু আমরা জনদুর্ভোগের চিন্তা করে খুঁটিগুলো সরিয়ে
ফেলব। কাজ আগামী দুই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে।