× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের গুলি এখনও শরীরে, পুনর্বাসনের অপেক্ষায় রনি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৭:০৫ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৭:০৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যমুনা ফিউচার পার্কের সামনে গুলিবিদ্ধ হওয়া মো. রনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যমুনা ফিউচার পার্কের সামনে গুলিবিদ্ধ হওয়া মো. রনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ের কয়েক ঘণ্টা আগে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে গুলিবিদ্ধ হন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মো. রনি (৩০)। প্রায় দুই বছর ধরে মেরুদণ্ডের হাড়ের ডিস্কে গেঁথে থাকা গুলি নিয়েই বেঁচে আছেন তিনি।

চিকিৎসকদের মতে, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছাড়া গুলি অপসারণ সম্ভব নয়। তবে অস্ত্রোপচার করলে মৃত্যু কিংবা স্থায়ী পক্ষাঘাতের আশঙ্কা রয়েছে।

রনি বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈত্যরকাঠি গ্রামের এনামুল হোসেনের ছেলে। ঢাকায় একটি নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন তিনি। আন্দোলনের সময় নির্মাণকাজ বন্ধ থাকায় ছাত্র-জনতার কর্মসূচিতে অংশ নেন।

পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন রনি। একটি গুলি তার মুখগহ্বর ভেদ করে মেরুদণ্ডের ডিস্কে গিয়ে আটকে যায়। এতে ঠোঁট, সামনের আটটি দাঁত, জিহ্বা ও মুখগহ্বরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।

সহযোদ্ধারা তাকে উদ্ধার করে গুলশান-২-এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় অস্ত্রোপচারের চেষ্টা করেও গুলি বের করা সম্ভব হয়নি। পরে চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে না পেরে তাকে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ দিন চিকিৎসার পর সাভারের সিআরপি ও পরে ইবনে সিনা হাসপাতালে আরও প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের দাবি, চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু ওষুধের পেছনেই খরচ হয়েছে ৩ লাখ ১৮ হাজার টাকা। চিকিৎসার ব্যয় মেটাতে আত্মীয়স্বজন, গ্রামবাসী ও কয়েকটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিতে হয়েছে।

দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রনি। শরীরের বাম পাশ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ঘাড় ঘোরাতে কষ্ট হয়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। মেরুদণ্ডে থাকা গুলির কারণে প্রায়ই তীব্র ব্যথায় নির্ঘুম রাত কাটাতে হয় তাকে।

বর্তমানে গ্রামের বাড়িতে একটি ছোট মুদি দোকান চালিয়ে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই সন্তানসহ সাত সদস্যের সংসার চালানোর চেষ্টা করছেন রনি। প্রতি তিন মাস পরপর তাকে ঢাকায় চিকিৎসকের কাছে যেতে হয়।

শারীরিক অবস্থার কারণে সাধারণ পরিবহনে যাতায়াত সম্ভব না হওয়ায় বিশেষায়িত অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হয়। সরকারি ভাতার বড় অংশই চিকিৎসা ও যাতায়াতে ব্যয় হয়ে যায়।

পরিবার জানায়, চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পাওয়া গেলেও বর্তমানে তেমন কেউ খোঁজখবর নেন না।

রনির বাবা এনামুল হোসেন বলেন, “ছেলের চিকিৎসা করাতে গিয়ে ঋণ করে এবং মানুষের সহযোগিতা নিয়ে লাখ লাখ টাকা খরচ করেছি। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি বের করতে অস্ত্রোপচার করলে মৃত্যুর ঝুঁকি রয়েছে, আর সফল হলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সরকার যদি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করত, তাহলে ছেলের বাকি জীবনটা কিছুটা স্বস্তিতে কাটত”।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, “রনি এ-গ্রেডের আহত যোদ্ধা হিসেবে মাসিক ভাতা পাচ্ছেন। ভবিষ্যতে সরকার পুনর্বাসন প্রকল্প গ্রহণ করলে তিনি অগ্রাধিকার পাবেন। তার কোনো সমস্যা হলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা