ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:০২ পিএম
ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের নৈতিক স্খলনের অভিযোগে তাকে সাময়িক বদলি করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফুলগাজী উপজেলার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রীকে নৈতিক স্খলনের অভিযোগে সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীকে অন্য একটি বিদ্যালয়ে সাময়িকভাবে বদলি করা হয়েছে।
সোমবার রাতে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন
ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
তিনি জানান, গত ১২ জুলাই জামমুড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পাঁচ ছাত্রী লিখিতভাবে সহকারী শিক্ষক এম এ জাহেদ চৌধুরীর বিরুদ্ধে
নৈতিক স্খলনের অভিযোগ করে।
অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা কানিজ ফাতিমাকে দায়িত্ব দেওয়া হয়।
১৬ জুলাই তদন্ত শেষে তিনি প্রতিবেদন জমা দেন, যেখানে
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে ২১ জুলাই প্রয়োজনীয়
বিভাগীয় ব্যবস্থার জন্য প্রতিবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে
পাঠানো হয়।
জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি মাস্টার আবুল কালাম ভূঁইয়া বলেন, ছাত্রীদের করা অভিযোগের সত্যতা তদন্তে
প্রমাণিত হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এম এ জাহেদ চৌধুরী এর আগেও উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এম এ জাহেদ চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয়। তদন্তকালে আমি আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছি।
ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী শিক্ষক জাহেদ চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জারি করা এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে ২ আগস্ট তাকে
আমজাদহাট ইউনিয়নের দেবীপুর ফেরদৌস আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে বদলি
করা হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে তিনি
বেতন-ভাতা আগের কর্মস্থল থেকেই তুলবেন।
এদিকে ২০১৮ সাল থেকে বিদ্যালয়টিতে কর্মরত থাকা এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এবং আরেকজন শিক্ষক প্রশিক্ষণে থাকায় বর্তমানে মাত্র দুজন শিক্ষক দিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে হচ্ছে। ফলে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।