নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ার বাড়ি-ডাঙ্গা লিংক সড়কে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও সরানো হয়নি সড়কের মাঝামাঝি ও পাশের ৭২টি বৈদ্যুতিক খুঁটি।
৩৩'শ কেভি ও ১১'শ কেভি ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণ কাজ চলছে। এতে একদিকে যেমন নির্মাণকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে পথচারি ও যানবাহন চলাচলেও তৈরি হয়েছে চরম ঝুঁকি। প্রতিদিনই রাতের অন্ধকারে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। পাশেই বাজার থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এই খুটিগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত বৈদ্যুতিক তারের খুঁটি অপসারণ না করা হলে দুর্ঘটনা আরও বাড়বে বলে জানান স্থানীয়রা। তবে, সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩ ফুট সড়ক, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ব্যবহারকারীদের সুবিধার জন্য মায়ারবাড়ি থেকে গাজীপুর ও নরসিংদী এলাকায় চলাচলের জন্য মায়ারবাড়ি-ডাঙ্গা লিংক সড়ক নির্মাণ কাজ হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ। ২৪ ফুট প্রশস্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পায় সাগর ইনফো বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ৩৩'শ কেভি ও ১১'শ কেভি ভোল্টেজের ৭২টি বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ করে আনে সংশ্লিষ্টরা। অথচ বৈদ্যুতিক খুঁটি সরানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও তা আমলে নেওয়া হয়নি। বর্তমানে সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুলাই নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সই করা এক চিঠিতে কাঞ্চন-ডাঙ্গা লিংক সড়কের জেড-২০৪৩ চেইনেজ এলাকার দুপাশে থাকা প্রায় ৭২টি বিদ্যমান বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারের কাছে আবেদন করা হয়।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় চাহিদা পত্রও পাঠায়। কিন্তু প্রায় দুই বছর পার হলেও এখন পর্যন্ত খুঁটি সরানোর কাজ শুরু হয়নি। যে কারণে নতুন নির্মিত সড়কের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি রয়েই গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়েছে। দ্রুত বৈদ্যুতিক লাইনের খুঁটি সরানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও গাড়ী চালকরা জানান, সড়ক সংস্কার করা হলেও খুঁটি না সরানোয় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকায় বড় গাড়ি ঢুকতে পারছে না ফলে অধিক খরচ বহন করে মালামাল নিয়ে বাড়িঘরের নির্মাণ কাজ করতে হচ্ছে। দ্রুত খুঁটি সরিয়ে সড়কটি সম্পূর্ণভাবে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ট্রাকচালক আব্দুল্লাহ মিয়া বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে সড়কটি সংস্কার করা হয়েছে। কিন্তু সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক সংস্কার শেষ করায় এ সড়কে চলাচল করতে গিয়ে ঝুঁকি আরও বেড়েছে। ট্রাকে মালামাল নিয়ে সড়ক ব্যবহার করা যাচ্ছে না। বৈদ্যুতিক খুটি সরানোর দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, জমি অধিগহণ না করেই সড়কের দুইপাশ প্রশস্ত করেছে সড়ক কর্তৃপক্ষ। তারপরও আমাদের দুঃখ নেই। আমরা চেয়েছি সড়ক সংস্কার করা হোক। তবে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণের ফলে সরকারের কোটি কোটি টাকা কোনো কাজেই আসছে না। বরং জনভোগান্তি থাকছেই।
অটোচালক মাসুদ মিয়া বলেন, প্রায় সময়ই খেয়াল না করায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিভিন্ন যানবাহনের। এতে হতাহতর ঘটনা ঘটছে। এই বিদ্যুতের খুঁটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে সড়কে থাকা বৈদ্যুতিক তারের খুঁটি না সরানো হলে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়বেন গাড়ি চালকসহ পথচারীরা। ফলে সরকারের কোটি কোটি টাকা নির্মাণ ব্যয়ে এ সড়ক কোনো কাজে আসবে না। ঝুঁকি থেকেই যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কে থাকা ওই বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, এটাতো সড়কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের সড়কে তারা বৈদ্যুতিক খুঁটি পুঁতে রাখে অথচ সরাতে বললে সড়ায় না। আমাদের তো একটা প্রক্রিয়া আছে। আমরা তো টাকাটা দিবো। উনাদের সক্ষমতা থাকলেও উনারা সাহায্য করে না। পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সড়ক ও জনপদ বিভাগ থেকে বরাদ্দ অনুমোদন হয়েছে। শীঘ্রই বরাদ্দের টাকা পল্লী বিদ্যুৎকে দেওয়া হবে। তবে, মানুষের জনভোগান্তির কথা চিন্তা করে পল্লী বিদ্যুৎ ছুটিগুলো আগে থেকেই সরাতে পারতেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, কাঞ্চন মায়ারবাড়ি-ডাঙ্গা লিংক সড়কে ৩৩'শ কেভি ও ১১'শ কেভি ভোল্টেজের দুটি লাইন রয়েছে। নিয়ম রয়েছে সড়ক নির্মাণের আগেই জামানত জমা দিয়ে খুঁটিগুলো সরানো। সরকারি নিয়ম অনুযায়ী সড়ক ও জনপদ বিভাগ অনুসরণ না করে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণ কাজ করছে। পল্লী বিদ্যুৎ তাদের বারবার জানানোর পরেও তারা সাড়া না দিয়ে সড়কের কাজ করে ফেলছে। যেহেতু বৈদ্যুতিক খুঁটি সরানোর বরাদ্দ অনুমোদন হয়েছে। তাই আমরা জনদুর্ভোগের চিন্তা করে আগে থেকেই খুঁটিগুলো সরিয়ে ফেলবো। আর কাজ আগামী দুই মাসের মধ্যেই শুরু হয়ে যাবে।