× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়িবাঁধ দখল করে দোকানপাট

হুমকিতে ‘মিনি কুয়াকাটার’ সৌন্দর্য

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী)

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:০৪ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৪:৫৬ পিএম

আগুনমুখা নদীর বাঁধে অবৈধ স্থাপনা

আগুনমুখা নদীর বাঁধে অবৈধ স্থাপনা

দখল ও দূষণের কারণে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীর মোহনায় অবস্থিত ‘মিনি কুয়াকাটা’খ্যাত পানপট্টি লঞ্চঘাটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পর্যটকদের আনাগোনা বাড়লেও বেড়িবাঁধ দখল করে একের পর এক দোকানপাট নির্মাণ, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অপরিকল্পিত স্থাপনার কারণে হুমকির মুখে পড়েছে নদীতীরের পরিবেশ ও সৌন্দর্য।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন কংক্রিট ব্লকের জায়গা দখল করে বসানো হচ্ছে বিভিন্ন দোকান। কোথাও কোথাও দোকান নির্মাণের জন্য বেড়িবাঁধের সুরক্ষা ব্লকও সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে একদিকে বেড়িবাঁধের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনাময় এ এলাকার নান্দনিক পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নদীভাঙনের ঝুঁকিতে থাকা পানপট্টি লঞ্চঘাট এলাকার চিত্র বদলে দিয়েছে নদীতীর রক্ষা প্রকল্প। আগুনমুখা নদীর বিশাল জলরাশি, শীতল বাতাস, ঢেউ আর মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত পর্যটক ছুটে আসেন এখানে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদীভাঙন রোধ ও তীর সংরক্ষণে ৫৫/১ পোল্ডারের ৪১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় পানপট্টি লঞ্চঘাট এলাকায় ৫০০ মিটার অংশে কংক্রিট ব্লক স্থাপন করা হয়। এরপর থেকেই বদলে যেতে শুরু করে এলাকার চিত্র এবং স্থানীয় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্থানটি।


সরেজমিনে দেখা যায়, পর্যটকদের ঘিরে নদীতীরে গড়ে উঠেছে চা-কফি, ফুচকা, চটপটি, ফাস্টফুডসহ বিভিন্ন খাবারের দোকান। এতে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনাহীনভাবে দোকানপাট স্থাপন, ময়লা-আবর্জনা ফেলা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সৌন্দর্য হারাচ্ছে এলাকাটি। এছাড়া রয়েছে ওয়াশরুম সংকট, নিরাপত্তাহীনতা ও রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ।

পর্যটকদের অভিযোগ, বেড়িবাঁধের জায়গা দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী দোকান নির্মাণে প্রতিযোগিতায় নেমেছেন। এতে নদীর পাড়ের খোলা পরিবেশ সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, মাঝে মধ্যে মারামারি, ইভটিজিংসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।

পর্যটক নাজমা ইসলাম সিমলা বলেন, পানপট্টি লঞ্চঘাটের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার মতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জায়গার চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। কিন্তু অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে। দ্রুত দখলমুক্ত করে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরেক পর্যটক মো. আজাদ বলেন, পানপট্টি লঞ্চঘাটে যেভাবে ব্যাঙের ছাতার মতো দোকানপাট গড়ে উঠছে, তাতে মনে হচ্ছে কে কার আগে জায়গা দখল করবে সেই প্রতিযোগিতা চলছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে জায়গাটিকে পর্যটকদের উপযোগী করে তোলা।

স্থানীয়রা জানান, পানপট্টি লঞ্চঘাটকে আরও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এখানে বসার বেঞ্চ, ওয়াশরুম, সড়কবাতি, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হতে পারে। তবে দখল ও অপরিকল্পিত স্থাপনা সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।


এ বিষয়ে গলাচিপা উপজেলা ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, পানপট্টি লঞ্চঘাট এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশাসন কাজ করছে। বেড়িবাঁধ বা সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। অবৈধ স্থাপনা থাকলে তা নিয়ম অনুযায়ী অপসারণ করা হবে।

বেড়িবাঁধ দখলের বিষয়টি সামনে আসার পর ব্যবস্থা নিতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত শুক্রবার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা দিয়ে নোটিশ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ইতোমধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ করা না হলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করে পরিকল্পিত উন্নয়ন করা গেলে পানপট্টি লঞ্চঘাট আবারও তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পাবে এবং পর্যটন সম্ভাবনা আরও বিস্তৃত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা