হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম
হিলি বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা কমেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার একদিনের ব্যবধানে দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
দিনাজপুরের হিলি বাজারে একদিনেই দেশীয় কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা কমেছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমতে পারে।
মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, সোমবার যেখানে দেশীয় কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেখানে আজ একই মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। পাইকারি বাজারেও দাম কমেছে উল্লেখযোগ্যভাবে।
হিলি বাজারের পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, “বর্তমানে আমরা কৃষকদের কাছ থেকে কাঁচামরিচ ১৪০ টাকা কেজি দরে কিনছি এবং ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। ভারতীয় কাঁচামরিচ বাজারে আসার কারণে দেশীয় মরিচের দাম কমতে শুরু করেছে। বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে আশা করছি।”
হিলি বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ওয়াহিদ বলেন, “গতকাল বাজার থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছিলাম। আজ একই মরিচ ১৫০ টাকা কেজি দরে কিনেছি। একদিনেই ৫০ টাকা কমে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেকটা স্বস্তি এসেছে।”
আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “কাঁচামরিচের অতিরিক্ত দামের কারণে প্রয়োজনের তুলনায় কম কিনতে হতো। এখন দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তি পেয়েছি। আশা করছি সরকার আমদানি অব্যাহত রাখলে দাম আরও কমবে।”
গৃহিণী শারমিন আক্তার বলেন, “প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ প্রয়োজন হয়। কয়েকদিন ধরে অতিরিক্ত দামের কারণে বিপাকে ছিলাম। আজ দাম কিছুটা কমেছে, এতে সংসারের খরচও কিছুটা কমবে।”
খুচরা বিক্রেতা আব্দুল করিম বলেন, “ভারতীয় কাঁচামরিচ আসার খবরেই বাজারে প্রভাব পড়েছে। পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় আমরাও কম দামে বিক্রি করছি। বাজারে সরবরাহ বাড়তে থাকলে ক্রেতারা আরও কম দামে কাঁচামরিচ কিনতে পারবেন।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক সাহবুল ইসলাম বলেন, “ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতিযোগিতা তৈরি হয়েছে। এতে দেশীয় কাঁচামরিচের দাম দ্রুত কমছে। পর্যাপ্ত পরিমাণে আমদানি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।”
হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ভারত থেকে চারটি ট্রাকে মোট ২৯ টন ৪৪০ কেজি কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম আরও কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।