× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীর সাপের খামার ঘিরে আইনি বিতর্ক

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৫৩ পিএম

নন্দিপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক বিশ্বাস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার বা সংগ্রহ করা বিষধর সাপ নিয়ে খামার পরিচালনা করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নন্দিপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক বিশ্বাস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার বা সংগ্রহ করা বিষধর সাপ নিয়ে খামার পরিচালনা করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর সদর উপজেলার নন্দিপাড়ায় ২৬ বছর ধরে পরিচালিত বিষধর সাপের খামার এখন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রকৃতি থেকে আনা সাপ খামারে লালন-পালনের পর কি প্রাণিসম্পদ হিসেবে বিবেচিত হবে, নাকি বন্য প্রাণী হিসেবেই থাকবে- এ প্রশ্নে মুখোমুখি অবস্থানে রয়েছে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

একদিকে বন বিভাগের দাবি, প্রকৃতি থেকে সংগৃহীত কোনো সাপ কখনোই গৃহপালিত প্রাণীতে পরিণত হতে পারে না। তাই এ ধরনের খামারের অনুমোদন বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের বক্তব্য, খামারে লালন-পালনের মাধ্যমে প্রাণীটি প্রাণিসম্পদ হিসেবে বিবেচিত হতে পারে এবং সে ক্ষেত্রে নিবন্ধন দেওয়ার এখতিয়ার তাদের রয়েছে।

দুই সরকারি সংস্থার এই ভিন্ন অবস্থান শুধু একটি খামারের ভবিষ্যৎ নয়, দেশের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ নীতিকেও নতুন করে আলোচনায় এনেছে।

২৬ বছরের সাপের খামার

নন্দিপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক বিশ্বাস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার বা সংগ্রহ করা বিষধর সাপ নিয়ে খামার পরিচালনা করছেন। ২০২২ সালে বন বিভাগ খামারটি বন্ধের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

চলতি বছরের ১৪ জানুয়ারি প্রাণিসম্পদ অধিদপ্তর শর্তসাপেক্ষে খামারটির নিবন্ধন প্রদান করলে বিষয়টি আবারও আলোচনায় আসে।

সরেজমিনে দেখা যায়, বড় কাঠের বাক্স ও পৃথক খাঁচায় প্রজাতিভেদে রাখা হয়েছে প্রায় দুই শতাধিক সাপ। এর মধ্যে রয়েছে কিং কোবরা, কালো গোখরা, খৈইয়া গোখরা, কালাচসহ বিভিন্ন বিষধর প্রজাতি এবং দাঁড়াশের মতো নির্বিষ সাপ। প্রতিটি খাঁচায় পৃথক পরিচর্যার ব্যবস্থা রয়েছে।

খামারের মালিক আব্দুর রাজ্জাক বিশ্বাস দাবি করেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে কোনো সাপ সংগ্রহ করা হয় না। দেশের বিভিন্ন স্থানে ধরা পড়া বা উদ্ধার হওয়া সাপই খামারে আনা হয়। কোবরা প্রজাতির সাপের খাদ্য হিসেবে নির্বিষ দাঁড়াশ ও অন্যান্য সাপ ব্যবহার করা হয় বলেও জানান তিনি।

আইনি ব্যাখ্যায় দ্বিমত

বিতর্কের কেন্দ্রবিন্দু বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২। আইনে সাপকে সংরক্ষিত বন্য প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। আইন অনুযায়ী, যথাযথ লাইসেন্স ছাড়া বন্য প্রাণী শিকার, দখলে রাখা বা আবদ্ধ অবস্থায় বংশবৃদ্ধি ঘটানো দণ্ডনীয় অপরাধ।

বন বিভাগের কর্মকর্তাদের মতে, কোনো প্রাণীর উৎস যদি প্রকৃতি হয়, তাহলে সেটি খামারে লালন-পালন করা হলেও তার বন্য প্রাণীর পরিচয় পরিবর্তিত হয় না। ফলে এ ধরনের খামার পরিচালনা আইনসম্মত নয়।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে, খামারে নিয়মিত লালন-পালনের মাধ্যমে প্রাণীটি প্রাণিসম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। সে কারণেই নিবন্ধন প্রদানে আইনি বাধা দেখছে না সংস্থাটি।

বন বিভাগের অবস্থান

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া বলেন, “কোনো প্রাণীর প্রাকৃতিক আবাস যদি বন হয়, তাহলে তাকে গৃহপালিত প্রাণী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই”।

তিনি বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের মূল দায়িত্ব গবাদিপশু ও খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা, বন্য প্রাণী সংরক্ষণ নয়”।

বিশ্বের অন্য কোনো দেশে প্রাণিসম্পদ বিভাগ বন্য প্রাণীর খামারের লাইসেন্স দিয়েছে- এমন নজিরও নেই বলে দাবি করেন তিনি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি পৃথক নীতিমালা প্রয়োজন বলেও মত দেন এই কর্মকর্তা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের বক্তব্য

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান বলেন, “খামারে পালিত হলে সাপ গৃহপালিত প্রাণীর মতো বিবেচিত হতে পারে। তাই নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা দেখছি না”।

তিনি জানান, নিবন্ধনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ, প্রশিক্ষিত কর্মচারী রাখা, অসুস্থ সাপের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা এবং সাপ সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণের বাধ্যবাধকতা।

বিশেষজ্ঞদের উদ্বেগ

বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, এ ধরনের অনুমোদন ভবিষ্যতে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে নতুন সংকট তৈরি করতে পারে।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান আজাদ বলেন, “বন্য প্রাণীর বাণিজ্যিক খামারের অনুমোদন জীববৈচিত্র্য সংরক্ষণের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে প্রকৃতি থেকে আরও বেশি সাপ সংগ্রহের প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে”।

নেচার কনজারভেশন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি বলেন, “কোনো বন্য প্রাণী খাঁচায় থাকলেও তার স্বভাব কিংবা আইনি পরিচয় পরিবর্তিত হয় না। তাই বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা