গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৩২ পিএম
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অদক্ষতা ও বাইরের লোক দিয়ে কাজ করানোর দায়ে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শন এসে তাদের বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেনÑ কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস দেখতে বের হয়েছিলাম। প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই, সেখানে আমরা দেখতে পাইÑ ওই অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না।