নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:২৫ পিএম
নেছারাবাদ থানা। ছবি: সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে তৃষ্ণা রানী মণ্ডল নামে এক নারী বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন।
এর আগে বিয়ের দাবিতে ওই নারী সাইদুল ইসলাম সিরাজকে তার বাসায় অবরুদ্ধ করে রাখেন বলে স্থানীয়ভাবে আলোচনা হয়। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় ওই নারী থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী তৃষ্ণা রানী মণ্ডল অভিযোগ করেন, করফা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত সাইদুল ইসলাম সিরাজ নিয়মিত তার দোকানে আসা-যাওয়া করতেন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সাইদুল ইসলাম সিরাজ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন তিনি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এক নারী বাদী হয়ে সাইদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।