লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ২০:২০ পিএম
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে তলিয়ে মনির হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে তলিয়ে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নদীতে নেমে ডুব দিতেই তাকে স্রোতে তলিয়ে নিয়ে যায় বলে
জানিয়েছেন স্থানীয়রা। তবে ওইদিনই মরদেহ উদ্ধার হয়েছে।
উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে নদীতে ডুবে যান তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বড়শিতে তার মরদেহটি আটকা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।নিহত মনির স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ও আসলপাড়া এলাকার ফকিরবাড়ীর আব্দুর রবের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মনির লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় ডুব দিলেই তীব্র স্রোতে মনির তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তাৎক্ষণিক স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।
ঘটনাস্থলের অদূরে কয়েকজন মাছ শিকারি নদীতে বড়শি ফেলেন। ওই বড়শিতে গিয়ে
মনিরের মরদেহ আটকা পড়ে। ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
এদিকে মনিরের নিখোঁজের পর থেকে তার একমাত্র ছেলে
ছাব্বির হোসেন নদী পাড়ে মুর্ছা যাচ্ছিলেন। স্থানীয়রা কোনোভাবেই তাকে সান্ত্বনা
দিতে পারছিলেন না।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন
মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। বড়শিতে তার মরদেহ আটকা পড়ে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান
বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ
না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।