বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:১২ পিএম
বাঞ্ছারামপুর থানা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হজরত শাহ রাহাত আলী (রহ.)-এর বার্ষিক ওরসে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।
এ ঘটনায় চার পুলিশ সদস্য ও এক জেনারেটর ব্যবসায়ী আহত হয়েছেন। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেনÑ কনস্টেবল এমদাদ, ফরহাদ, সাইফুল ও মোবারক। এ ছাড়া সংঘর্ষে জেনারেটর ব্যবসায়ী রেজন মিয়াও আহত হন।
আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লিটন আব্দুল্লাহ বলেন, সকাল ৬টার দিকে চার পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত ছিল, তবে সেলাই দেওয়ার প্রয়োজন হয়নি। আরেকজন বুকে ব্যথা করায় এক্স-রে করতে দেওয়া হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ওরসে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ নিয়ে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।