কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক মাছ ‘সার্জেন্ট মেজর’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক মাছ ‘সার্জেন্ট মেজর’।
মাছটি সোমবার বন্দরে আনার পর একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। রঙিন বর্ণ ও ব্যতিক্রমী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে বরফে সংরক্ষণ করা হয়েছে।
মায়ের দোয়া ট্রলারের মাঝি ইদ্রিসের জালে তিন-চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে সেটি আলীপুর মৎস্য বন্দরের মেসার্স সিফাত ফিস আড়তে নিয়ে আসা হয়।
ইদ্রিস বলেন, ‘গভীর সমুদ্রে মাছটি জালে উঠে আসে। দেখতে খুব সুন্দর হওয়ায় আমরা এটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসি। আমার জালে এ ধরনের মাছ এই প্রথম ধরা পড়েছে।’
মেসার্স সিফাত ফিসের ব্যবস্থাপক মাইনুল ইসলাম শামিম বলেন, ‘মাছটি দেখতে অনেক সুন্দর। তাই বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে কখনো এমন মাছ দেখিনি।’
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, সার্জেন্ট মেজর মাছ পোমাসেন্ট্রিডি পরিবারের একটি সামুদ্রিক মাছ। বাংলাদেশে অঞ্চলভেদে এটি পাথারী মাছ, কালো ডোরা সৈনিক মাছ বা রেহা মাছ নামে পরিচিত। মাছটির দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার। পিঠে হালকা হলুদাভ আভা ও শরীরের দুই পাশে চার থেকে পাঁচটি গাঢ় উল্লম্ব ডোরা থাকে, যা সহজেই মাছটিকে শনাক্ত করতে সাহায্য করে।
তিনি আরও জানান, এ মাছ মূলত বঙ্গোপসাগরের উপকূলীয় পাথুরে এলাকা ও প্রবাল প্রাচীরে, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন অগভীর সামুদ্রিক পরিবেশে বসবাস করে। এটি সর্বভুক এবং শৈবাল, জুপ্ল্যাঙ্কটন ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী খেয়ে সামুদ্রিক খাদ্যজালের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাণিজ্যিক গুরুত্ব তুলনামূলক কম হলেও উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে খাদ্য হিসেবে মাছটি ব্যবহৃত হয়। পাশাপাশি উজ্জ্বল রঙ ও আকর্ষণীয় ডোরাকাটা নকশার কারণে বিশ্বজুড়ে সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম ব্যবসায় এটি একটি জনপ্রিয় শোভাবর্ধনকারী মাছ।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ ধরনের সামুদ্রিক মাছ আমাদের উপকূলীয় জলসীমায় থাকলেও খুব কম ধরা পড়ে। জেলেদের জালে মাঝে-মধ্যে এমন ব্যতিক্রমধর্মী প্রজাতির মাছ উঠে আসে। এসব মাছের তথ্য সংরক্ষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ।’