চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৬:৩২ পিএম
রাতের আঁধারে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ বসানোর অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে রাতের আঁধারে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যবহৃত একটি স্কেভেটর এবং ১৫টি পাইপ জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার রাত ১১টার দিকে উপজেলার
মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, স্থানীয়দের
কাছ থেকে খবর পেয়ে গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধ কাটার কাজ বন্ধ করে দেওয়া
হয়।
স্থানীয়রা জানান, শরৎঘোনা এলাকার হারুন মাতবরপাড়ার নুর মুহাম্মদ,
লালমিয়াপাড়ার মনু এবং শরৎঘোনার জহিরুল ইসলাম এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। ব্যক্তিস্বার্থে
সরকারি বেড়িবাঁধ কাটার চেষ্টা করা হয়েছে বলে ধারণা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থল থেকে
একটি স্কেভেটর ও ১৫টি পাইপ জব্দ করা হয়। নিরাপত্তার জন্য সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন
করা হয়েছে।
তিনি বলেন, সরকারি বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা করা হচ্ছিল।
বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে বলে ইউএনও আশ্বাস দিয়েছেন।
তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে আগে থেকেই পাইপ
ছিল। নতুন করে পাইপ স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা
এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। তাদের ভাষ্য, প্রয়োজনীয় অনুমতির প্রক্রিয়া
চলমান রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ব্যক্তিগত উদ্যোগে
উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ কেটে পাইপ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কোনো বিধান নেই।
নতুন স্লুইসগেট বা পানি চলাচলের পথ নির্মাণ করতে হলে কারিগরি সমীক্ষা,
পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) এবং পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন প্রয়োজন। এছাড়া সরকারি
কোনো কাজ রাতের আঁধারে নয়, প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্ধারিত নিয়মে সম্পন্ন করা হয়।
শরৎঘোনা এলাকার এই উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ বঙ্গোপসাগরের জোয়ার-জলোচ্ছ্বাস থেকে জনপদকে রক্ষা করে। এভাবে বাঁধ কেটে পাইপ বসানো হলে পুরো এলাকা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় বলেন, বর্তমানে
কাজ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢাকা থেকে ফিরে এলে তার সঙ্গে আলোচনা করে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।