চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম
বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার
(৩ আগস্ট) নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে সংগঠনটির নেতাকর্মীরা বন্দর অভিমুখে যাত্রা
শুরু করেন। এরপর বারিক বিল্ডিং মোড়ে পৌঁছানোর পর পুলিশ বাধা প্রদান করলে সেখানে এক
সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা সমাপ্তি ঘোষনা করে সংগঠনটি।
পদযাত্রা
শুরুর আগে বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বন্দর
রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ১৫ আগস্ট সকাল ১০টা থেকে চট্টগ্রাম
প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেন।
এর
আগে সংগঠনটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে শ্রম সংস্কার কমিশনের
সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক
দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাসদ মার্ক্সবাদী চট্টগ্রাম
জেলা কমিটির সদস্য দীপা মজুমদার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার
কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়াতাবাদী
শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রমিক,
রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে
শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি
বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। এই বন্দরকে ঘিরেই দেশের শিল্প, বাণিজ্য ও উৎপাদন ব্যবস্থা
গড়ে উঠেছে। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তের মাধ্যমে বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি
বা বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের
জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিনি
আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে লাখো শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী
ও সাধারণ মানুষের জীবিকা নির্ভরশীল। বন্দরের উন্নয়নের নামে যদি শ্রমিকদের কর্মসংস্থান
ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।
বন্দর
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ
সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, শ্রমিকদের মতামত উপেক্ষা করে বন্দরের ভবিষ্যৎ
নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। বন্দরের আধুনিকায়ন অবশ্যই প্রয়োজন,
কিন্তু সেই আধুনিকায়ন হতে হবে রাষ্ট্রীয় মালিকানা ও জনগণের স্বার্থ সংরক্ষণ করে।
জাতীয়তাবাদী
ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, বন্দরের শ্রমিকদের স্বার্থ
ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে শ্রমিক সমাজ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে
প্রতিরোধ গড়ে তুলবে।