নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৩৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সোমবার বালুভর্তি বস্তার ভেতরে রাখা ‘বোমা’ বিস্ফোরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুভর্তি বস্তার ভেতরে রাখা ‘বোমা’ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার ও নাতি ফাহিম। তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহ আলম হাওলাদারের বসতঘরের পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে কে বা কারা বিস্ফোরকটি রেখে যায়। সকালে বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ বিকট শব্দে ‘বোমা’টির বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ওই তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, “বালুভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বোমাটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে তাদের পরিবারের কোনো ধারণা নেই।”
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”
বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।