× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারাসেইলিং করতে গিয়ে নিহত অক্ষরের শেষকৃত্য সম্পন্ন, ক্ষতিপূরণ দাবি

খুলনা অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:২৬ পিএম

শোকে কাতর অক্ষরের ছোট বোন শীর্ষা রায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শোকে কাতর অক্ষরের ছোট বোন শীর্ষা রায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যে সৈকতে নিরাপদে আনন্দ করার কথা পর্যটকের, সেখানেই অব্যবস্থাপনার ফাঁদে প্রাণ গেল খুলনার অক্ষর সৌভিক রায়ের। অভিযোগ উঠেছে, যে প্যারাসেইলিংয়ে চড়ে সাগরে নেমেছিলেন তিনি, সেটি ছিল অনুমোদনহীন। নিরাপত্তাব্যবস্থা নিয়েও ছিল গুরুতর প্রশ্ন।

সরকারের পক্ষ থেকে অবৈধ বলা হলেও সেটি কীভাবে দীর্ঘদিন ধরে চলছিল, সেই জবাব মেলেনি। প্যারাসুট ছিঁড়ে সাগরে পড়ে অক্ষরের মৃত্যুর পর তাই শুধু একটি পরিবারের কান্না নয়, সামনে এসেছে কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনার তদারকি ও জবাবদিহির প্রশ্ন।

অক্ষরের মরদেহ সোমবার সকাল ১১টার দিকে খুলনার লোয়ার যশোর রোডের বাসায় পৌঁছালে শোকের মাতম শুরু হয়।

বোন মেধা মৃত্তিকা রায়, শীর্ষা রায়, মা ও অন্যান্য স্বজন কান্নায় ভেঙে পড়েন। শোকাহত পরিবারের অনেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় রূপসা মহাশ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। অক্ষরের মুখাগ্নি করেন তার ছোট বোন শীর্ষা রায়।

অক্ষরের স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন অক্ষর। নিজেদের একটি বাড়ি থাকলেও সেটি বিক্রি করে বর্তমানে লোয়ার যশোর রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করছে পরিবারটি। অক্ষরের আয়ে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যয় চলত। তার মৃত্যুতে সেই আয়ের পথও বন্ধ হয়ে গেছে।

এই পরিস্থিতিতে পরিবারের জন্য রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন অক্ষরের বোনের স্বামী মো. আলিমুশ্বান সিফাত। একই সঙ্গে দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তিনি।

আলিমুশ্বান সিফাত বলেন, “চরম অব্যবস্থাপনার কারণেই আমার শ্যালকের মৃত্যু হয়েছে। যে সৈকতে সে নামছে, যে প্যারাসুটে চড়ছে, সেটি মূলত অবৈধ ছিল, সরকারের দিক থেকেও এমন কথা বলা হয়েছে। এরপরও সেটি কীভাবে চলছিল, সেটিই বড় প্রশ্ন।”

তার ভাষ্য, কক্সবাজারে মানুষ আনন্দ ও বিনোদনের জন্য যায়। সেখানে পর্যটনের নানা উপকরণ থাকলে মানুষ স্বাভাবিকভাবেই তা গ্রহণ করবে। কিন্তু নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করে এমন বিনোদনের সুযোগ দেওয়া হলে দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

আলিমুশ্বান বলেন, “জেলা প্রশাসন বা পর্যটন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি থানায় মামলা করার সুযোগ না থাকায় সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে পরিবার।”

অক্ষরের স্কুলবন্ধু রিফাত হাসান শুভ বলেন, “প্রত্যেকটি প্রাণের দাম আছে। আমরা জীবনের দাম চাই। অক্ষর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার মা ও দুই বোন এখন কীভাবে চলবে, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে।”

রিফাত জানান, গত ৩১ জুলাই ছিল অক্ষরের বাবার জন্মদিন। ওই দিন প্রয়াত বাবাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট করেছিলেন অক্ষর। এর পরদিনই তার মৃত্যু হয়।

অক্ষরের ভগ্নিপতি বলেন, “প্যারাসেইলিং পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তাদের দাবি, শুধু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; জেলা প্রশাসন ও পর্যটন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন অক্ষর। সেখানে প্যারাসেইলিং করার সময় প্যারাসুট ছিঁড়ে তিনি সাগরে পড়ে যান। পরে স্রোতে ভেসে যান তিনি। ঘটনার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অক্ষরের মৃত্যুর পর এখন সামনে এসেছে কয়েকটি গুরুতর প্রশ্ন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করে ঝুঁকিপূর্ণ বিনোদন চালানোর সুযোগ কীভাবে দেওয়া হলো? অনুমোদনহীন প্যারাসেইলিং কার্যক্রম চললে সেটি বন্ধে প্রশাসনের ভূমিকা কোথায় ছিল? আর এমন দুর্ঘটনার পর শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কি প্রশাসনিক দায় এড়ানো সম্ভব?

পরিবারের দাবি, এসব প্রশ্নের জবাবের পাশাপাশি কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারানো পরিবারটির পাশে দাঁড়িয়ে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা