× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষার জলে প্রাণ ফেরে আটঘর খালে

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১২:০২ পিএম

পিরোজপুরের নেছারাবাদের কুড়িয়ানায় আটঘর খালে বিক্রির জন্য বেঁধে রাখা নৌকার সারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদের কুড়িয়ানায় আটঘর খালে বিক্রির জন্য বেঁধে রাখা নৌকার সারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুড়িয়ানায় বর্ষা এলেই প্রাণ ফিরে পায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। শতবর্ষের পুরনো এ হাট এখন জমে উঠেছে নৌকা কেনাবেচার ব্যস্ততায়। আটঘর খালের প্রায় আধা কিলোমিটারজুড়ে নৌকায় নৌকায় গড়ে ওঠা এ বাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নৌকার হাট হিসেবে পরিচিত।

সপ্তাহের প্রতি সোমবার ও শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে এ হাট। বর্ষা মৌসুমে নেছারাবাদসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রয়োজনীয় নৌকা কিনতে ছুটে আসেন এখানে। এ হাটকে ঘিরে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ থেকে আষাঢ়ের শুরুতে জমে ওঠে নৌকার এ বাজার। পার্শ্ববর্তী নাজিরপুর ও স্বরূপকাঠির দক্ষ কারিগররা রেইন্ট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করেন বিভিন্ন আকৃতির নৌকা। আকার ও মান অনুযায়ী প্রতিটি নৌকার দাম ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। প্রতি হাটে বিক্রি হয় প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার নৌকা। পুরো মৌসুমে এ বাজারে ১০ থেকে ১২ কোটি টাকার নৌকা বিক্রি হয় বলে সংশ্লিষ্টরা জানান।

নেছারাবাদ, ঝালকাঠির ভীমরুলি ও বরিশালের বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পেয়ারা ও আমড়ার চাষ হয়। বর্ষায় এসব ফল সংগ্রহ ও ভাসমান বাজারে পণ্য পরিবহনে ছোট ডিঙি নৌকার ব্যবহার বেড়ে যায়। পাশাপাশি জলবেষ্টিত এ অঞ্চলের মৎস্যজীবী ও সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন যাতায়াতেও নৌকার ওপর নির্ভরতা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান ও আল আমিন জানান, প্রায় ১৫০ বছরের পুরনো এ হাট থেকে তারা গরুর খাবার সংগ্রহ ও চলাচলের জন্য নৌকা কিনেছেন। নৌকা ব্যবসায়ী খলিল বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি এ হাটে নৌকা বিক্রি করছেন। প্রতি হাটে ৪০ থেকে ৫০টি নৌকা বিক্রি করেন তিনি। তবে বাজারের উন্নয়নে পাকা ঘাট, ওয়াশরুম, রেস্ট হাউস ও খাবারের ব্যবস্থা প্রয়োজন বলে জানান তিনি।

স্বরূপকাঠির নৌকা কারিগর বিমল হালদার জানান, তার তৈরি নৌকা চীন, জাপান, জার্মানি ও সিঙ্গাপুরের লোকজনও অর্ডার দিয়ে নিয়েছেন।

পর্যটক ও স্থানীয়রা এ ঐতিহ্য ধরে রাখতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, পাকা ঘাট, গাড়ি পার্কিং, ওয়াশরুম, রেস্ট হাউস ও মানসম্মত রেস্টুরেন্ট নির্মাণ করা হলে এ হাট আরও জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত জানান, এ শতবর্ষী হাটে প্রতি বছর প্রায় ১০ কোটি টাকার নৌকা বিক্রি হয়। পর্যটকদের সুবিধার জন্য কয়েকটি পেয়ারা পার্কে ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। নৌকার হাটসহ আরও কয়েকটি স্থানে ওয়াশব্লক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

স্বরূপকাঠি (নেছারাবাদ) প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা বলেন, এ হাটের ঐতিহ্য প্রায় দুইশ বছরের। দেশ-বিদেশের পর্যটকরাও এখন এ ভাসমান নৌকার বাজার দেখতে আসছেন। প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে ঐতিহ্যবাহী এ হাটটি দেশের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা