চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১০:০৩ এএম
এক্সকাভেটর দিয়ে প্রবাসী রফিউদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দেয় দ্বিতীয় স্ত্রীর লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবাস জীবনে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন। ঘর-সংসারও করেন বছরখানেক। তবে সম্প্রতি আবারও প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন তিনি। শেষে তাকে নিয়েই মালয়েশিয়ায় পাড়ি জমান।
আর এতেই বাধে বিপত্তি। প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এক্সকাভেটর দিয়ে রফিউদ্দিনের ঘর-বাড়ি গুড়িয়ে দিয়েছে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ির লোকজন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে রবিবার এই ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, উপজেলার খেজুরতলা গ্রামের মৃত রোমজান আলির ছেলে রফিউদ্দিন একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন বিদেশে (মালয়েশিয়া) থাকার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
রফিউদ্দিন বাড়ি এসে একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছরে মাথায় রফিউদ্দিন আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে পুনরায় বিয়ে করে ঘরে তোলেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান।
এই ঘটনায় গ্রামবাসী থেকে শুরু করে দ্বিতীয় স্ত্রী রিমার খাতুনের পরিবার ও আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
রবিবার সকাল ১০টার সময় মাটিকাটা এক্সকাভেটর দিয়ে রফিউদ্দিনের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেন তারা। এ সময় ঘরবাড়ি ভাঙার দৃশ্য গ্রামবাসীরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখতে থাকেন।
এ বিষয়ে গ্রামের মানুষ রফিউদ্দিনের অসামাজিক কার্যকলাপের প্রতি ঘৃণা পোষন করে। তারা বলেন, মুকুলের মেয়ে অতিভদ্র, নম্র প্রকৃতির। তার জীবনটা এভাবে রফিউদ্দিন শেষ করে দিয়েছে। তার যথাযথ শাস্তি হওয়া উচিত।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, “মুকুল হোসেনের মেয়ে অতি ভদ্র ও অমায়িক একটা সভ্য মেয়ে। তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত হয়নি। ক্ষোভের কারণে এইভাবে ঘরবাড়ি না ভেঙে আইনি পদক্ষেপ নিলে ভাল হতো।”
এ ব্যাপারে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যাবস্থা করা হবে।”