× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারাসেইলিং করতে গিয়ে মৃত্যু

আমার কিছু হবে না, মাকে বলা অক্ষরের শেষ কথা

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২৩:০৯ পিএম

খুলনার তরুণ প্রকৌশলী শৌভিক রায় অক্ষর কক্সবাজারে সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে নিহত হন। ছবি: সংগৃহীত

খুলনার তরুণ প্রকৌশলী শৌভিক রায় অক্ষর কক্সবাজারে সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে নিহত হন। ছবি: সংগৃহীত

খুলনার তরুণ প্রকৌশলী শৌভিক রায় অক্ষরের মৃত্যুর খবর প্রথমে আসে ভিডিও কলে। পরিবারের সদস্যরা তখনও বিশ্বাস করতে পারছিলেন না। পরে পুলিশের পাঠানো ভিডিওচিত্র দেখে নিশ্চিত হন, সাগরে প্যারাসেইলিং করতে গিয়ে আর বেঁচে নেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে।

শনিবার দুপুরে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে পড়ে মারা যান শৌভিক। রশি ছিঁড়ে তিনি পানিতে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে কক্সবাজার জেলা প্রশাসন জানায়, যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারাসেইলিং পরিচালিত হচ্ছিল, সেটি প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল।

অক্ষরের মৃত্যুর খবরে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কের সামনের মান্নান চঁপটির গলির ৬৮/১০, যশোর রোডের ‘দোলন’ ভবনের চতুর্থ তলায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে গুমোট নীরবতা। অচেনা মানুষ দেখলেই অক্ষরের মা শুক্লা রায় জানতে চাইছিলেন, আপনারা কারা? কেন এসেছেন? আমার অক্ষর কোথায়?

সন্তানের মৃত্যুর খবর পুরোপুরি জানানো না হলেও কিছু একটা আঁচ করতে পারছেন তিনি। বারবার মূর্ছা যাচ্ছেন, বন্ধ রয়েছে খাওয়া-দাওয়া। স্বজনরা বোঝানোর চেষ্টা করেও তাকে স্বাভাবিক করতে পারছেন না।

মাকে অক্ষরের শেষ কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন স্বজনরা। শুক্লা রায়কে বলতে শোনা যায়, আমার অক্ষর ফোন করে বলেছিল, মামণি, একটু সমুদ্রে যাব। আমি বলেছিলাম যাস না। আমার কথা শুনল না। বলল, না, আমি যাব, আমার কিছু হবে না। আমি যাব আর আসব।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন দুপুর ১টার দিকে ভিডিও কলে মাকে ও ছোট বোন শীর্ষা রায়কে দেখিয়ে অক্ষর জানান, তিনি প্যারাসেইলিংয়ে উঠবেন। তখনও মা তাকে নিষেধ করেন। কিন্তু মায়ের অনুরোধ উপেক্ষা করেই প্যারাসেইলিংয়ে ওঠেন তিনি।

অক্ষরের ছোট খালা বলেন, মামণি বলছিল, বাবা সাবধান। তুই ভারী, তুই উঠিস না। কিন্তু সে কথা শোনেনি। বলেছিল, কিছু হবে না। বিকেল সাড়ে ৪টার দিকে তারা খবর পান। কলেজ থেকে বাসায় ফিরে ছোট বোন শীর্ষা ফোন করে জানায়, দা ভাই আর নাই।

এরপর তিনি বড় বোনকে নিয়ে অক্ষরদের বাসায় ছুটে যান। সেখানে কক্সবাজার থেকে পাঠানো ভিডিওচিত্র দেখে তারা নিশ্চিত হন, মারা যাওয়া ব্যক্তি অক্ষরই।

কান্নাজড়িত কণ্ঠে খালা বলেন, পুলিশ ভিডিও কলে যে ছবিটা পাঠিয়েছিল, সেটা দেখে আমরা নিশ্চিত হই। এরপর আর কিছু বলার ভাষা ছিল না। আমার দিদি আর শীর্ষা যেভাবে কান্নাকাটি করছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

অক্ষরের ছোটবেলার একটি ছবি দেখিয়ে তিনি বলেন, এই বাচ্চাকালের ছবিটা আমি তুলেছিলাম। তিন বছর বয়সে ওকে স্টুডিওতে নিয়ে গিয়ে সাজিয়ে, চোখে কাজল দিয়ে ছবিটা তুলিয়েছিলাম। আজ সেই ছবিটাই সবাই দেখছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ছোটবেলা থেকেই অক্ষর ছিলেন মেধাবী। খুলনার জোহরাখাতুন শিশু বিদ্যানিকেতন থেকে প্রাথমিক শিক্ষা শেষে পড়াশোনা করেন খুলনা জিলা স্কুলে। পরে ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন। উচ্চশিক্ষার জন্য ভারতে গিয়ে গুজরাটে প্রকৌশল বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন। ও খুবই মেধাবী ছিল। বৃত্তি পেয়েছে, গোল্ডেনও পেয়েছে।

পড়াশোনা শেষে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন অক্ষর। অফিসের নয় সদস্যের একটি দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্যারাসেইলিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার।

পরিবার জানায়, ঘটনার আগের দিনও অক্ষর সমুদ্রে নেমেছিলেন। তখনও তাকে সাবধান করেছিলেন মা।

করোনা মহামারির সময় অক্ষরের বাবা শেখর রায় মারা যান। এরপর মা শুক্লা রায়, ছেলে অক্ষর ও ছোট মেয়ে শীর্ষা রায়কে নিয়ে চলছিল সংসার। অক্ষর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ছোট বোন পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাতেন।

পরিবারের এক প্রতিবেশী শেখর সাহানি বলেন, অক্ষরদের মূল বাড়ি মাগুরায়। ফেরিঘাটের বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক যাওয়ার পর তারা ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

তিনি বলেন, ছেলেটা চাকরি করে সংসার চালাত, আর ছোট বোন টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাত।

শেখর সাহানি জানান, ছোটবেলা থেকেই অক্ষরের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্কুলে আনা-নেওয়া থেকে শুরু করে পরিবারের বিভিন্ন কাজে তিনি সহযোগিতা করতেন।

তিনি বলেন, ছোটবেলা থেকে অক্ষরকে স্কুলে নিয়ে যাওয়া, দেখাশোনা, অনেক কিছুই আমি করেছি। ওকে নিজের সন্তানের মতোই দেখতাম।

ঘটনার বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এটা কীভাবে পড়ে গেল, বুঝলাম না। মানে ছিঁড়ে তো পড়েনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

স্বজনরা জানান, অক্ষরের মৃত্যুর খবর পুরোপুরি তার মাকে জানানো হয়নি। অসুস্থ শুক্লা রায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছেলের মৃত্যুর খবর জানার পর থেকে তিনি কিছু খেতে পারেননি। 

এক আত্মীয় বলেন, বৌদির অবস্থা খুব খারাপ। এখনও কিছু খেতে পারেননি। মেয়েটা বলেছে, লাশ আসার আগে পুরো বিষয়টা না জানাতে।

অক্ষরের বড় চাচা শংকর রায়সহ পরিবারের কয়েকজন সদস্য মরদেহ আনতে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

এদিকে পরিবারের প্রশ্ন, যে প্যারাসেইলিং নিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের নির্দেশে বন্ধও হয়েছিল, সেটি কীভাবে আবার চলল? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শৌভিকের পরিবারের কাছে এখন সবচেয়ে বড় সত্য, মামণি, একটু সমুদ্রে যাব বলা ছেলেটি আর ফিরছেন না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা