রংপুর অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২৩:০০ পিএম
গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১২ কিলোমিটার সড়ক সংস্কার, বাঁধ রক্ষাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুর গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১২ কিলোমিটার সড়ক সংস্কার, বাঁধ রক্ষাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। রবিবার দুপুরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তিস্তার ভাঙনে চর বাগডোহরার ১২ কিলোমিটার দৈর্ঘ্যে ৭টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, অসুস্থ মানুষেরা চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় জরুরি চিকিৎসাসেবা ও কৃষিপণ্য পরিবহন থমকে গেছে।
এ ছাড়া বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসী একটি প্রতিরোধ বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু তিস্তার ভাঙনে সেই বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। এটি পুরোপুরি ভেঙে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে সর্বস্ব হারাবে।
স্মারকলিপিতে এলাকাবাসী ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, বড়াইবাড়ি খেয়া ঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিকে জিও ব্যাগ ফেলা ও পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেনÑ চর বাগডোহরার বাসিন্দা আল আমিন মিয়া, ইসমাইল হোসেন, মোনাইম হোসেন, মুকুল মিয়াসহ অন্যরা।