রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৫৮ পিএম
নিহতের পরিবারের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে মোমেন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ থেকে ৫ জন।
রবিবার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেনÑ মোবারক, নাজমুল হোসেন, রুহুল আমিন। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মীমাংসাও করেছিলেন। এরই জের ধরে রবিবার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে মোমেনকে গুলি করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মোমেনকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, চাঁনপুরে সওদাগর কান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।