মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৫৩ পিএম
প্রতিকী ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাই নুর ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলালকে (৪০) পুলিশ আটক করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। নিহত নুর ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাট জাগ দেওয়া নিয়ে দীর্ঘদিনের পারিবারিক মতবিরোধের ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে নুর ইসলাম ও তার ছোট ভাই হেলালের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হেলাল ধারালো হাঁসুয়া দিয়ে নুর ইসলামের ওপর এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানান, পাট জাগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে নুর ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।