জামায়াত নেতার সংবাদ সম্মেলন
ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম
তজুমদ্দিনে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মো. মহিউদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার তজুমদ্দিন উপজেলায় ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মৃত মহিউদ্দিন নামে এক শিক্ষকের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভুয়া বলে দাবি করেছেন ওই সহকারি শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. মহিউদ্দিন।
রবিবার রাতে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।
এ সময় তিনি বলেন, অনলাইন গণমাধ্যমে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে আলোচনায় জামায়াত নেতা শিরোনামে যে খবর বের হয়েছে , তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই সাংবাদিকদের এমন মিথ্যা তথ্য দিয়েছে একটি কূ-চক্রি মহল। প্রকৃত সত্য হলো, আমার এমপিও ইনডেক্স নম্বর ৬০২৭৮২। নিয়োগের সময় আমার ব্যাংক হিসাব নম্বর ছিল ৪৫৭৭। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী ব্যাংক হিসাব পরিবর্তন হয়ে বর্তমানে ৮০৫ নম্বর হিসাবের মাধ্যমে আমি ১৬ বছর ধরে বৈধভাবে বেতন-ভাতা উত্তোলন করে আসছি। কিন্তু যে ৪৬০৬ নম্বর ব্যাংক হিসাবের কথা বলা হয়েছে, সেই হিসাব থেকে আমি কখনও কোনো বেতন উত্তোলন করিনি। এমন কোনো প্রমাণও কেউ দেখাতে পারবে না। কারণ অন্যের একাউন্ট থেকে কিভাবে টাকা তোলা সম্ভব তা আমি জানি না।
তিনি আরও বলেন, মৃত মহিউদ্দিন এবং আমার নাম মহিউদ্দিন এক হওয়ায় অতীতে অফিসিয়াল তথ্য সংরক্ষণের সময় একটি প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। সেই কারণেই ভুলবশত আমার এমপিও রেকর্ডে ৪৬০৬ নম্বর হিসাব যুক্ত হয়েছিল। এই ভুল সংশোধনের জন্য ২০১১ সালে সেই সময়ের মাদ্রাসা সুপারের আবেদনের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসার, ভোলা মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে ব্যাংক হিসাব সংশোধনের সুপারিশ করেন। সরকারি নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ৪৬০৬ ছিল ভুল হিসাব নম্বর এবং ৪৫৭৭ ছিল আমার সঠিক হিসাব নম্বর। অর্থাৎ, এটি ছিল একটি প্রশাসনিক রেকর্ড সংশোধনের বিষয়, কোনো জালিয়াতির ঘটনা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৃত ব্যক্তির ব্যাংক হিসাব থেকে অন্য একজনের দীর্ঘদিন বেতন উত্তোলনের কোনো সরকারি বা অফিসিয়াল প্রক্রিয়া নেই। তাই মৃত শিক্ষকের হিসাব থেকে ২০ বছর ধরে বেতন উত্তোলন- এই অভিযোগ বাস্তবতা ও সরকারি নথির সঙ্গে সাংঘর্ষিক এবং পুরোপুরি ভুয়াতথ্য।
এদিকে এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার নুরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
এদিকে মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্মরত ছিলন ওই মাদ্রাসার শিক্ষক মৃত মহিউদ্দিন। পরে ১/৮/২০০৪ সালে তিনি প্যারালাইসেস হলে স্বেচ্ছায় অব্যহতি নেন। তবে চাকরি চলমান থাকলে তিনি ২০১২ সালের দিকে রিটারমেন্টে যেতেন। আর রিটারমেন্টে গেলে কোন সরকারি কর্মচারীর বেতন আসে না। অন্যদিকে বর্তমানের তজুমদ্দিন উপজেলার জামায়াতের সেক্রেটারী মহিউদ্দিন ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ওই মাদ্রাসায় যোগ দেন।