পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:১৬ পিএম
ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পাবনা প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে মানববন্ধন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। অভিযোগসমূহের সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
পাবনা প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরের দিকে প্রথমে মানববন্ধন হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটি, পাবনার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময়, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরে পরাগ আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে পাবনায় চলাচল করেছেন, যার বহু ভিডিও ও ছবির প্রমাণ রয়েছে। ৫ আগস্টের পর তিনি নানা অপকর্মে লিপ্ত হন। সর্বশেষ প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পাওয়ার পরই পরাগ মরিয়া হয়ে উঠেছেন। জাসাসের অনুষ্ঠানের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছেন। জেনারেল হাসপাতাল, মানসিক হাসপাতাল ও গণপূর্ত বিভাগের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে টেন্ডারবাজি করছেন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জায়গা দখল করেছেন এবং সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে।