× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দহগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থীর একজন শিক্ষক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম

প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে ক্লাস বর্জন করে দহগ্রাম-পাটগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে ক্লাস বর্জন করে দহগ্রাম-পাটগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫১৪ শিক্ষার্থীর জন্য বিদ্যালয়টিতে আছেন মাত্র একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় শিক্ষক পদায়ন না হওয়ায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।

প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে রবিবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে দহগ্রাম-পাটগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ৩টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন সময়ে শিক্ষক বদলি ও অবসরে গেলেও দীর্ঘদিন ধরে শূন্যপদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষক সংকটে পাঠদান, পরীক্ষা পরিচালনা, খাতা মূল্যায়ন, উপস্থিতি সংরক্ষণসহ প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, একজন শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণিপাঠ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে নিয়মিত ক্লাস নেওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক, দুজন সহকারী প্রধান শিক্ষক এবং বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা বিষয়ে শিক্ষক পদ রয়েছে। তবে অভিযোগ রয়েছে প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ে কখনোই প্রয়োজন অনুযায়ী শিক্ষক পদায়ন করা হয়নি।

দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, শিক্ষক না থাকায় বিদ্যালয়ে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না। আমাদের বিদ্যালয়ে যতদিন শিক্ষক দেওয়া না হবে, ততদিন আমরা ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে আন্দোলন করব।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, ইউএনও, ডিসি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পর্যন্ত লিখিত আবেদন দেওয়া হয়েছে। কিন্তু এখনও শিক্ষক সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হয়নি।

পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন বলেন, শিক্ষক নেই। শিক্ষক চাওয়া শিক্ষার্থীদের ন্যায্য দাবি। শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ বলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ে সরাসরি শিক্ষক দেওয়ার সুযোগ আমার নেই। আমাকে যদি আবেদন দেওয়া হয়, সেটি ফরওয়ার্ড করে শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠাব, যাতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা