প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:২৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম
ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’-তে আবেদন করে রবিবার সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ ও অসহায় নারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’-তে আবেদন করে সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ ও অসহায় নারী।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে। পরে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র হিসেবে বিবেচিত ১৪ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন কাজ করছে।”
তার ভাষ্য, শুধু সহায়তা দেওয়া নয়, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করে তোলাই প্রশাসনের লক্ষ্য। ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, উপকারভোগীরা সেলাই মেশিন ব্যবহার করে পরিবারের আয় বাড়াতে পারবেন এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে তিনি আশা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’র মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।