× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক আটক

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৯:৩৩ পিএম

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে প্রভাষক আটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে প্রভাষক আটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক প্রভাষককে আটক করা হয়েছে। 

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় এক বস্তা উত্তরপত্রসহ তাকে হাতেনাতে ধরেন।

আটক প্রভাষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের শিক্ষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ভাষ্য, শনিবার রাতে সোহান তার কয়েকজন সাবেক সহপাঠী ও বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের একটি টং দোকানে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা ও ধূমপানের ফাকে তিনি বস্তা থেকে উত্তরপত্র বের করে মূল্যায়ন করছিলেন। তার সঙ্গে থাকা আরও দুজন উত্তরপত্র পর্যালোচনা ও নম্বর বিন্যাসে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাস্থলে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইরিন লিনজাও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার রাতেও একই স্থানে কয়েকজনকে নিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ করেছিলেন সোহান। পরীক্ষকের বাইরে অন্য ব্যক্তিদের হাতে গোপনীয় উত্তরপত্র দেখে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ অভিযানে নামে।

অভিযান চলাকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন কৈফিয়ত চাইলে অভিযুক্ত প্রভাষক ইকবাল হোসেন সোহান দাবি করেন, “সময়ের স্বল্পতার কারণে খাতা মূল্যায়ন নয়, কেবল কোড নম্বর মিলিয়ে দেখছিলাম।”

অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত থাকা আইরিন লিনজা এই প্রক্রিয়ায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “ইকবাল আমার বন্ধু ও ব্যাচমেট হওয়ার কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে আমি কোনো খাতা মূল্যায়নের কাজ করিনি।”

ঘটনার খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং উত্তরপত্রগুলো জব্দ করেন। পরে অভিযুক্ত প্রভাষককে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব জানান, এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা